প্রতিপক্ষের হামলায় কলেজছাত্র খুন, আটক ৩৩
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় প্রতিপক্ষের হামলায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোবাশ্বের মিয়া (২২) নামে এক ছাত্র খুন হয়েছেন। তিনি সরাইলের পাকিশমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। জুবায়ের স্নাতক শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। এ ঘটনায় পুলিশ ৩৩ জনকে আটক করেছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামের বাসিন্দা কামাল মিয়া (৩৭) গত ২৩ এপ্রিলে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সদস্য পদে অংশ নিয়ে পরাজিত হন। নির্বাচনের সময় গ্রামের স্বপ্না বেগম (২৫) নামের নারীর দোকান থেকে বাকিতে পণ্য কিনেছিলেন কামাল। নির্বাচনে পরাজিত হয়ে কামাল মিয়া ওই নারীর বকেয়া পরিশোধ করেননি। ৯ মে দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন কামাল ও তাঁর চার সমর্থক। এ সময় স্বপ্না বেগম কামাল মিয়ার কাছে পাওনা টাকা চান। এতে ক্ষুব্ধÿহয়ে কামাল ও তাঁর লোকজন স্বপ্না বেগমকে মারধর করে। এতে অন্তঃসত্ত্বা স্বপ্না বেগম গুরুতর আহত হন। তাঁকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৬ এপ্রিল স্বপ্নার স্বামী উজ্জ্বল মিয়া (৩০) বাদী হয়ে কামাল মিয়াকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে সরাইল থানায় মামলা করেন। গতকাল বৃহস্পতিবার আসামিরা আদালত থেকে জামিনে আসেন। গতকাল রাত সাড়ে সাতটার দিকে স্বপ্নার চাচাতো ভাই মোবাশ্বের মিয়া, তাঁর ছোট ভাই মোজাম্মেল হক ও চাচাতো ভাই সেলিম মিয়া জেলা সদর হাসপাতাল থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে কামাল মিয়া ও তার লোকজন তাঁদের ওপর হামলা চালায়। এতে মোবাশ্বের মিয়া ঘটনাস্থলেই মারা যান। অন্য দুজনকে গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
সরাইল থানার উপপরিদর্শক (এস আই) আবদুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, মোবাশ্বেরের লাশ পুলিশের জিম্মায় রয়েছে। তাঁর বুকে ও পেটে একাধিক জখমের চিহ্ন রয়েছে। ঘটনার পর পর কামাল মিয়াসহ ৩৩ জনকে আটক করা হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা প্রথম আলোকে বলেন, আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।