প্রতিপক্ষের হামলায় কাউন্সিলর প্রার্থী আহতের অভিযোগ
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী প্রদীপ কুমার মজুমদার প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি এখন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রোববার রাতে রামগতি পৌরসভার কিল্লারপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি প্রদীপ কুমারের।
প্রদীপ কুমার মজুমদার অভিযোগ করেন, গতকাল রাতে সমর্থকদের নিয়ে তিনি কিল্লারপাড়া এলাকায় গণসংযোগে যান। এ সময় অপর কাউন্সিলর প্রার্থী জয়নাল আবেদিনের ভাতিজা মো. ইউসুফ ও ছেলে মো. দিদার হোসেনের নেতৃত্বে সমর্থকেরা তাঁর (প্রদীপ) ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন। প্রথমে তিনি রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে আজ সোমবার সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি হন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর প্রার্থী জয়নাল আবেদিন জানান, কিল্লারপাড়ায় হামলার কোনো ঘটনা ঘটেনি। এটি একটি সাজানো নাটক।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির বিষয়টি তিনি শুনেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আনোয়ার হোসেন জানান, প্রদীপের গলায় ও হাতে মারধরের চিহ্ন রয়েছে। তবে বড় ধরনের কোনো কিছু হয়নি।