প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত
কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকায় প্রতিপক্ষের হামলায় আবদুল কুদ্দুস (৪০) নামের একজন কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কাটাবাড়িয়া এলাকার ভাস্করখিলা বিলে এই ঘটনা ঘটে। নিহত আবদুল কুদ্দুস সদর উপজেলার কাটাবাড়িয়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে। আহতদের কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে আবদুল কুদ্দুস মাছ ধরার নৌকা নিয়ে কাটাবাড়িয়া এলাকার ভাস্করখিলা বিলে যান। এ সময় কুদ্দুসের নৌকা মামুন মিয়ার ধানের খেতের ওপর দিয়ে গেলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে কিছুক্ষণ পরে মামুন তাঁর লোকজনসহ ধারালো অস্ত্র নিয়ে কুদ্দুসের ওপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে কুদ্দুস নিহত হন। আহত হন তাঁর পরিবারের আরও চার সদস্য।
এ ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করা হলে মামুন মিয়ার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।