প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ আরও অন্তত পাঁচজন। নিহত কৃষকের নাম শহীদ মিয়া (৬০)। তাঁর বাড়ি বারহাট্টা উপজেলার ছোট কৈলাটি গ্রামে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শহীদ মিয়ার সঙ্গে একই গ্রামের ছন্দু মিয়া ওরফে চন্দনের জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে ওই জমিতে শহীদ মিয়া তাঁর লোকজন নিয়ে ঘর নির্মাণ করছিলেন। এ সময় ছন্দু মিয়া ও তাঁর ভাই কাশেম মিয়া তাঁদের লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ শহীদ মিয়া ও তাঁর লোকজনের ওপর হামলা চালান। হামলায় শহীদ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। আহত হন তাঁর স্ত্রী জহুরা খাতুন (৫০), জহিরুল ইসলাম (২৫) রশিদ মিয়া (৩০), রাশিদ মিয়া (৩২) ও সাইদুল ইসলাম। আহত ব্যক্তিরা সবাই শহীদ মিয়ার পক্ষের লোকজন। আহত ব্যক্তিদের বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। হত্যায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।