প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত ও তাঁর স্ত্রীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার ছোট কৈলাটি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম শহীদ মিয়া (৬০)। তিনি বারহাট্টা উপজেলার ছোট কৈলাটি গ্রামের বাসিন্দা।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, জমি নিয়ে শহীদ মিয়ার সঙ্গে ছোট কৈলাটি গ্রামের ছন্দু মিয়ার বিরোধ চলছিল। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে বিরোধপূর্ণ জমিতে শহীদ মিয়া তাঁর লোকজন নিয়ে ঘর নির্মাণ করতে যান। এ সময় ছন্দু মিয়া ও তাঁর ভাই কাশেম মিয়া তাঁদের লোকজন নিয়ে শহীদ মিয়া ও তাঁর লোকজনের ওপর হামলা চালান। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো দা দিয়ে কোপ দিলে শহীদ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। হামলায় আহত হন তাঁর স্ত্রী জহুরা খাতুন (৫০), জহিরুল ইসলাম (২৫), রশিদ মিয়া (৩০), রাশিদ মিয়া (৩২) ও সাইদুল ইসলাম (৩৫)। তাঁদের বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পলাতক থাকায় এ ব্যাপারে ছন্দু মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
বারহাট্টা থানার ওসি মো. সালেমুজ্জামান বলেন, শহীদ মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।