প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মীর মৃত্যু
সিলেটে ছাত্রলীগের এক পক্ষের হামলায় আরেক পক্ষের এক কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের কর্মী কাজী হাবিব (২২) আহত হন। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ১১টায় তিনি মারা যান।
কাজী হাবিব সিলেট সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা তারেক উদ্দিন রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাবিবের মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি জানান, দুপুরে বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী শামীমাবাদ এলাকায় হাবিব ছাত্রলীগের এক পক্ষের হামলায় আহত হয়েছিলেন। তাঁর মাথায় গুরুতর আঘাত ছিল।
তবে পুলিশ হামলাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে না পারলেও সন্ত্রাসী হামলায় হাবিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, মারা যাওয়ার বিষয়টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।
সিলেট জেলা ছাত্রলীগের সহসভাপতি আলী হোসেন কাজী হাবিব ছাত্রলীগ কর্মী বলে নিশ্চিত করেছেন। তবে তাঁর ওপর হামলা কারা করেছে, এ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে আলাপ করে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সিলেট আসছেন। তাঁকে স্বাগত জানাতে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের একটি পক্ষ দুপুর ১২টার দিকে স্বাগত মিছিল করার প্রস্তুতি নেয়। হাবিব তখন ছাত্রলীগের এক পক্ষ ত্যাগ করে অন্য পক্ষের সঙ্গে সক্রিয় হওয়ার কারণে প্রতিপক্ষরা তাঁকে মারধর করে শামীমাবাদ এলাকায় রাস্তায় ফেলে যায়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও তাঁর সহপাঠীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিলেন।