প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মীসহ তিনজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ পৌরসভার দক্ষিণ কোর্টগাঁওয়ের লিচুতলা এলাকায় গতকাল শনিবার প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মীসহ তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ একজনসহ গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, দক্ষিণ কোর্টগাঁও এলাকায় শাহজালাল মিঝি ও তাঁর সমর্থকেরা ছাত্রলীগ কর্মী জাহিদ সরকার (২৪), রাজীব দেওয়ান (২৩) ও মো. অনিককে (২২) গতকাল রাত আটটার দিকে আটক করেন। এই তিনজনের বাড়ি পার্শ্ববর্তী মধ্য কোর্টগাঁও এলাকায়। তাঁরা প্রথমে জাহিদকে লক্ষ্য করে গুলি করেন। রাজীবকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। আর অনিককে পিটুনি দেন। খবর পেয়ে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের চিকিৎসক সৈয়দ বসাক বলেন, গুলিবিদ্ধ জাহিদ সরকার ও রাজীবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অনিককে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
কয়েক দিন আগে শাহজালাল মিঝি শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মালেকুন মাকসুদকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। এই ঘটনায় মাকসুদের পক্ষের লোকজন গত শুক্রবার দক্ষিণ কোর্টগাঁও এলাকায় শাহজালালকে খুঁজতে গিয়েছিলেন। কিন্তু শাহজালালকে না পেয়ে তাঁরা ফিরে আসেন। শাহজালালের সন্দেহ, ওই লোকজনের মধ্যে জাহিদ ও রাজীব ছিলেন।