প্রতিপক্ষের হামলায় নিহত একজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউপির পনেরোরশিয়া গ্রামের আবদুল করিম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে। নিহত ব্যক্তি পনেরোরশিয়া গ্রামের আবদুল মালেকের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, পনেরোরশিয়া গ্রামের একরামুল হকের সঙ্গে আবদুল করিমের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে বিরোধ বাধে। দুই পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে মাথায় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় একরামুলের স্ত্রী ল্যাচোন বেগম (৩৫) ও ছেলের স্ত্রী মৌসুমী বেগমকে (২২) আটক করা হয়েছে। একরামুল ও তাঁর ছেলে পলাতক। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।