প্রতিপক্ষের হামলায় প্রধান শিক্ষক আহত
বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাথা ফাটিয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। গতকাল মঙ্গলবার ওই ঘটনা ঘটে।
আহত ওই শিক্ষক হলেন তালোড়া রেল কলোনির নূর ইসলাম (৪৮)। তিনি তালোড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক।
আহত পরিবারের লোকজন ও স্থানীয় সূত্রে জানা যায়, নূর ইসলাম ও তাঁর পরিবারের লোকজনের নিজস্ব চলাচলের জায়গা না থাকায় দীর্ঘদিন ধরে তাঁরা প্রতিবেশী গোলাম তাহারের জায়গার ওপর দিয়ে চলাচল করতেন। গত রোববার সকালে গোলাম তাহার ওই রাস্তা বন্ধ করে সেখানে পানির পাম্প বসানোর কাজ শুরু করেন। এতে নূর ইসলাম বাধা দেন এবং স্থানীয় পৌর কাউন্সিলর ফিরোজ খানকে বিষয়টি জানান। তাঁর পরামর্শে নূর ইসলাম পৌরসভায় লিখিত অভিযোগ করেন। গতকাল সকালে নূর ইসলাম স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন। এ সময় সেখানে উপস্থিত গোলাম তাহারের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে গোলাম তাহারের ছেলে এমিল হোসেন কোদাল দিয়ে নূর ইসলামের মাথায় আঘাত করেন। স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গোলাম তাহারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
ওসি নজরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।