প্রতিপক্ষের হামলায় মুসল্লি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামে মসজিদের নাম পরিবর্তন নিয়ে বিতর্ককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবদুল জলিল (৬০) নামের এক মুসল্লি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে ওই হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও গ্রামবাসী জানায়, ফরিদপুর গ্রামের স্কুলপাড়ায় ১৯৭৯ সালে ফরিদপুর স্কুলপাড়া জামে মসজিদ নামে একটি মসজিদ প্রতিষ্ঠিত হয়। সম্প্রতি গ্রামের জোয়ার্দ্দারপাড়ার কয়েকজন ব্যক্তি মসজিদের নাম পরিবর্তন করে ‘ফরিদপুর কেন্দ্রীয় জামে মসজিদ’ রাখার দাবি জানান। বিষয়টি নিয়ে কয়েক দিন ধরে বিতর্ক ও গ্রামজুড়ে উত্তেজনা চলে আসছিল। এ নিয়ে গতকাল জুমার নামাজের পর মসজিদে স্কুলপাড়া ও জোয়ার্দ্দারপাড়ার মুরব্বিরা বৈঠকে বসেন। বৈঠকটি অমীমাংসিতভাবে শেষ হয়।
সভা শেষে বাড়ি ফেরার পথে জোয়ার্দ্দারপাড়ার লোকজন মুসল্লি আবদুল জলিলকে লক্ষ্য করে ইট ছোড়ে। এতে আঘাত পান তিনি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের উদ্দেশে নেওয়ার পথে আবদুল জলিলের মৃত্যু হয়। হামলাকারীরা মসজিদ কমিটির সভাপতি আহসান আলীর বাড়িও ভাঙচুর করেন। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।