প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামে গতকাল বুধবার সকালে প্রতিপক্ষের হামলায় কালু মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে তিনি নিহত হন। গ্রামের মলাই মিয়ার ছেলে তিনি। গুরুতর আহত হয়েছেন কালুর চাচাতো ভাই ইকবাল মিয়া (২৮)।

পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, বসতবাড়ির সীমানা নিয়ে শাখাইতি গ্রামের সাবেক ইউপি সদস্য নুরু মিয়ার সঙ্গে প্রতিবেশী মিলন মিয়ার তিন-চার বছর ধরে বিরোধ চলে আসছে। গতকাল সকাল নয়টার দিকে বসতবাড়ির পাশে মিলন মিয়ার পক্ষের কালু মিয়া ও তাঁর চাচাতো ভাই ইকবাল মিয়া বসে কথা বলছিলেন। এ সময় পূর্ববিরোধের জের ধরে নুরু মিয়ার ছেলে মোরশেদ মিয়া (৩৫) ও ভাতিজা রুবেল মিয়ার (২৫) নেতৃত্বে বেশ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। গ্রামবাসী গুরুতর আহত অবস্থায় কালু ও ইকবালকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কালু মিয়াকে মৃত ঘোষণা করেন। দুপুরে উন্নত চিকিৎসার জন্য ইকবাল মিয়াকে ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনার কিছুক্ষণ পর দুপক্ষের লোকজনই লাঠিসোঁটা, দা, বল্লম ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ৩০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে মিলন মিয়ার পক্ষের ফারুক মিয়া (৩৫), রিপন মিয়া (২৮) ও এলন মিয়াকে (৫০) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল ১০টার দিকে কালু মিয়ার মৃত্যুর খরব গ্রামে ছড়িয়ে পড়লে তাঁর পক্ষের লোকজন নুরু মিয়া, আবু তাহের মিয়া, রুবেল মিয়া ও সোহরাব মিয়ার বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করেছেন। এ সময় নারী ও শিশুদের লাঞ্ছিত করা হয়।

সরাইল থানার ওসি রূপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার দায়ে একজনকে আটক করা হয়েছে।