প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় পুকুরে মাছ ধরা নিয়ে ঝগড়ার জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবলীগ নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার চানন্দি ইউনিয়নের নলেরচরের সাদ্দাম বাজারে এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবলীগ নেতার নাম মাহবুবুর রহমান (৩৫)। তিনি উপজেলার চানন্দি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাঁরা বাবার নাম আবুল খায়ের।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যক্তিরা জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলার নলেরচর মৌলভী গ্রামের বাসিন্দা ও ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী মো. সোহরাবের সঙ্গে পুকুরে মাছ ধরা নিয়ে একই এলাকার বিএনপির সমর্থক মো. কামাল হোসেনের ঝগড়া হয়। সন্ধ্যা সাতটার দিকে বিষয়টি মীমাংসার জন্য ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. ইসমাইল বাজারে গিয়ে কামালের কাছ থেকে ঘটনা জানার চেষ্টা করেন। এ সময় ইসমাইলকে ধাক্কা দেন কামাল। ইসমাইলকে ধাক্কা দিতে দেখে এগিয়ে আসেন যুবলীগ নেতা মাহবুবুর রহমান। তিনি কামালের দিকে তেড়ে যেতেই কামালের পক্ষের কয়েকজন মাহবুবুরকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এরপর তাঁকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারা হয়। এতে মাহবুব গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।