প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বারইখালী গ্রামে গত রোববার রাতে ১৭ বছরের এক মানসিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে।
এ ঘটনায় মো. রাসেল (১৮) নামে মাদ্রাসার এক ছাত্রকে ধরে পুলিশে সোপর্দ করেছে জনতা।
ধর্ষণের শিকার কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
ধর্ষণের শিকার কিশোরীর বাবা প্রথম আলোকে জানান, রোববার রাতে তাঁদের বাড়ির পাশে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। রাত সাড়ে আটটার দিকে তাঁর মেয়েকে ঘরে রেখে পরিবারের অন্য সদস্যরা বিয়ের অনুষ্ঠানে যান। আনুমানিক ২০-২৫ মিনিট পর তাঁর স্ত্রী ঘরে ফিরে দেখেন মেয়ে ঘরে নেই। পরে মেয়েকে ঘরের পাশে মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়। এ সময় রাসেল দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে রাসেলকে ধরে ফেলে।
জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হামিদ জানান, মেয়েটির বাবা আটক রাসেলের বিরুদ্ধে মামলা করেছেন।