প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ নয়, শ্লীলতাহানির শিকার: পুলিশ
কুমিল্লায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ নয়, শ্লীলতাহানি করা হয় জানিয়ে প্রতিবেদন দিয়েছে পুলিশ।
হাইকোর্টের নির্দেশ অনুসারে আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছেন কুমিল্লার বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
হলফনামা আকারে করা প্রতিবেদনটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু প্রথম আলোকে বলেন, প্রতিবেদনটি হাতে এসেছে। আগামী রোববার প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করা হবে।
মোতাহার হোসেন সাজু বলেন, প্রতিবেদন অনুযায়ী এ ঘটনায় করা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করেছে থানা-পুলিশ। এজাহারে থাকা পাঁচ আসামির মধ্যে নজরুলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর জবানবন্দি ও অন্যদের বক্তব্যে এসেছে, কিশোরীকে ধর্ষণ নয়, শ্লীলতাহানি করা হয়। আর তাঁর ভাইকে মারধর করা হয়েছে।
‘কুমিল্লার বাঙ্গরা: বোনকে ধর্ষণ, ভাইকে কোপ, থানায় সালিস’ শিরোনামে ৭ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়।
বিষয়টি আদালতের নজরে আনলে গত ৯ জানুয়ারি স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
ঘটনায় করা অভিযোগ ৪৮ ঘণ্টার মধ্যে এজাহার হিসেবে গণ্য করতে নির্দেশ দেন আদালত। একই সঙ্গে অভিযোগে থাকা আসামি নজরুলকে অবিলম্বে গ্রেপ্তার করতে নির্দেশ দেন। কুমিল্লার বাঙ্গরা থানার ওসির প্রতি এ নির্দেশ দেওয়া হয়।
পাশাপাশি নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন ১৯ জানুয়ারি (আজ) আদালতে দাখিল করতে বাঙ্গরা থানার ওসিকে বলেন আদালত। পরবর্তী আদেশের জন্য ২২ জানুয়ারি তারিখ নির্ধারণ করেন হাইকোর্ট।
আরও পড়ুন: