প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীতে ক্ষুদ্র জাতিসত্তার প্রতিবন্ধী এক কিশোরী (১৬) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে গতকাল রোববার রাতে আফসার শেখ (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আফসার শেখ বিবাহিত ও সাত সন্তানের বাবা। আর ওই কিশোরী বাক্, শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধী। চার বোনের মধ্যে সে বড়। কিশোরীর মায়ের অভিযোগ, গত শনিবার দুপুরে তাঁর প্রতিবন্ধী মেয়েটি ছাড়া আর কেউ বাড়িতে ছিল না। এই সুযোগে আফসার শেখ মেয়েকে বাড়ির পাশের নদীর পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

আফসার শেখের ছেলে জানান, এ ঘটনার পর তাঁর বাবাকে এলাকাবাসী মারপিট করে। এরপর তিনি (আফসার) এলাকা ছেড়ে চলে যান।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন প্রথম আলোকে বলেন, কিশোরীর পরিবার লোকলজ্জার ভয়ে ধর্ষণের বিষয়টি প্রথমে গোপন রেখেছিল। পরে গতকাল বিকেলে এ ঘটনায় মামলা করেছেন ওই কিশোরীর মা। কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য আজ সোমবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আফসার শেখকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।