প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতা-কর্মী ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার ছয় দিন পর গত বুধবার রাতে ওই কিশোরীর মামা থানায় মামলা করেছেন। ওই রাতেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের মানসিক প্রতিবন্ধী (১৪) এক কিশোরীকে ২৩ জুলাই তার নিজ ঘরে একা পেয়ে ধর্ষণ করেন পাশের বাড়ির ভাড়াটিয়া আবদুল আলিম (৪৫)। এ সময় কিশোরীর চিৎকারে পাশের বাড়ির একজন নারী ঘরে গেলে আবদুল আলিম পালিয়ে যান। ঘটনার পরের দিন সাদিপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও আওয়ামী লীগের কর্মী ইকবাল প্রধান, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালাউদ্দিনসহ কয়েকজন বিষয়টি ধামাচাপা দিতে আলিমের কাছ থেকে এক লাখ টাকা আদায় করেন।
ইকবাল ও মাসুমের বাড়িতে দুই দফায় সালিসে ওই কিশোরীর পরিবারকে ৩০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ওই টাকা দিতে তাঁরা টালবাহানা শুরু করেন। ছয় দিন পর থানায় মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে মাসুম ও ইকবাল বলেন, তাঁরা সামাজিকভাবে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেছেন। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার দায়ভার আমরা নেব না।’
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেন, ধর্ষণের ঘটনায় গ্রাম্য বিচার সালিস সম্পূর্ণ নিষিদ্ধ। যাঁরা বিচার-সালিস করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।