প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ
বগুড়ার শেরপুর উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া অবৈধভাবে গর্ভপাত করায় ওই কিশোরী অসুস্থ হয়ে গেছে। এ ঘটনায় গত বুধবার থানায় একটি মামলা হয়েছে।
ভুক্তভোগী কিশোরীর মামি বাদী হয়ে মামলাটি করেন। মামলার বাদী বলেন, তাঁর ভাগনির মা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। সে (কিশোরী) দিনের বেশির ভাগ সময় বাড়িতে একাই থাকত। কোনো অভিভাবক না থাকায় স্থানীয় এক ব্যক্তি বাড়িতে এসে তাঁর ভাগনিকে একাধিকবার ধর্ষণ করেন। এতে তাঁর ভাগনি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গত ২৯ এপ্রিল সন্ধ্যায় ওই ব্যক্তির মা তাঁর ভাগনিকে তাঁদের (ব্যক্তির) বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে গর্ভপাতের জন্য তাঁরা (অভিযুক্ত ব্যক্তি ও তাঁর মা) কিশোরীকে ওষুধ সেবন করান। মঙ্গলবার সকালে তাঁর ভাগনির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
কিশোরীর মামি বলেন, তাঁর ভাগনি ধর্ষণের বিষয়ে তাঁদের কিছুই জানায়নি। বুধবারের আগে তাঁরা কেউ বিষয়টি জানতেন না।
থানার এসআই আতোয়ার রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি (৩৫) ও তাঁর মাকে (৫৫) আসামি করা হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন।