প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
নরসিংদীর মনোহরদীতে এক শারীরিক ও বাকপ্রতিবন্ধী কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার তাতুয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত অভিযোগে ফালু মিয়া (৪০) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, তাতুয়াকান্দা গ্রামের দিনমজুর ফালু মিয়া দুপুরে একই গ্রামের প্রতিবন্ধী কিশোরীকে তাঁর বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরে ওই কিশোরীর আচরণে ও ইশারায় এলাকাবাসী ধর্ষণের বিষয়টি টের পান। এ সময় স্থানীয় লোকজন ফালু মিয়াকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এতে সন্দেহ হলে তাঁরা তাঁকে ধাওয়া করে আটকের পর পুলিশে সোপর্দ করেন।
ধর্ষণের শিকার কিশোরীটির বাবার ভাষ্য, ‘মেয়েটি প্রতিবন্ধী। সে তেমন কিছু বুঝে না। এর সুযোগ নিয়েই ফালু এ ঘটনা ঘটিয়েছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) কাদির শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফালু ধর্ষণের কথা স্বীকার করেছে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে আজ সন্ধ্যায় একটি ধর্ষণ মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর ধর্ষণের শিকার কিশোরীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।