প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতি ইউনিয়নের একটি গ্রামে এক বাক্প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে ওই কিশোরীর বাবা বাদী হয়ে ৬ বখাটে যুবককে আসামি করে আটপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।

মামলায় আসামিরা হলেন এহসানুল হক (২০), হৃদয় মিয়া (২২), আবু সায়েদ (২৫), সোহেল মিয়া (২৬), জনি মিয়া (২২) ও আরিফ মিয়া (২৪)। আসামিরা সবাই ওই ইউনিয়নের পালগাঁও গ্রামের বাসিন্দা।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও মামলার এজহার সূত্রে জানা গেছে, গত রোববার রাতে ওই কিশোরী প্রাকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায়। এ সময় ওত পেতে থাকা ওই ৬ যুবক তার মুখ চেপে বাড়ির পেছনে নিয়ে ধর্ষণ করেন। এ দিকে মেয়ের খোঁজে মা-বাবা ঘর থেকে বের হন। টের পেয়ে ধর্ষণকারীরা সটকে পড়েন। বিষয়টি আটপাড়া থানার পুলিশকে জানালে ওই দিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থানার উপপরিদর্শক খায়রুল বাশারের নেতৃত্বে পুলিশ এহসানুল হককে তাঁর বাড়ি থেকে আটক করে। এদিকে মেয়েটিকে গতকাল সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের আরএমও মোস্তাফিজুর রহমান বলেন, ‘মেয়েটির স্বাভাবিক হতে আরও কয়েক দিন লাগবে।’

আটপাড়া থানার ওসি রমিজুল হক বলেন, অন্য আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।