প্রতিবন্ধী ছাত্রের ভাতা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতিবন্ধী স্কুলছাত্রের ভাতার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। সোহাগ রানা (১৫) নামের ওই ছাত্রের বাবা দাউদ আলী গত বুধবার ইউএনও শামীমুল হকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
ওই অভিযোগ ও উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার পিপুলবাড়িয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শারীরিক প্রতিবন্ধী ছাত্র সোহাগ রানার বিপরীতে দৌলতপুর সমাজসেবা অধিদপ্তর থেকে ২০১৩-২০১৪ অর্থবছর থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তির ভাতার কার্ড ইস্যু করা হয়। সে অনুযায়ী সমাজসেবা কার্যালয় থেকে সোহাগের হয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরেজুল ইসলামের নামে তিন মাস পর পর এক হাজার ৩৫০ টাকা করে চেক ইস্যু করা হয়। কিন্তু আরেজুল ইসলাম সেই চেক ব্যাংকে জমা দিয়ে দুই কিস্তির দুই হাজার ৭০০ টাকা সোনালী ব্যাংক দৌলতপুর শাখা থেকে উত্তোলন করে আত্মসাৎ করেন। গত জানুয়ারি মাস থেকে সরকারি নীতিমালা অনুসারে ওই ছাত্রের নামে চেক ইস্যু হলে বিষয়টি জানাজানি হয়ে যায়।
আরেজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে। দাউদ আলী বলেন, ‘প্রধান শিক্ষকের কাছে টাকা চাইলে দেব, দিচ্ছি করে ছয় মাস ধরে টালবাহানা করে আসছেন। টাকা আদায়ে কোনো উপায় খুঁজে না পেয়ে ইউএনওর কাছে অভিযোগ দিয়েছি।’
ইউএনও শামীমুল হক বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।