প্রতিবন্ধী ছেলে হওয়ায় শ্বশুরবাড়িতে ঠাঁই হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ মাস আগে শ্বশুরবাড়ি থেকে মমতাজ বেগমকে বের করে দেওয়া হয়। বিদেশে থাকা স্বামীও তাঁর কোনো খোঁজ রাখেন না। মমতাজের দোষ একটাই, প্রতিবন্ধী সন্তানের জন্ম দিয়েছেন।
মমতাজ মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের সেলিম রেজার স্ত্রী। বাবার বাড়ি একই উপজেলার বেদবাড়ি গ্রামে। বাবার নাম শাহজাহান মিয়া।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আট বছর আগে কাজিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে সেলিম রেজার সঙ্গে মমতাজের বিয়ে হয়। বিয়ের দেড় বছরের মাথায় তাঁদের সন্তান সাবিদ হোসেন জন্ম নেয়। তবে সে জন্মগতভাবেই প্রতিবন্ধী। সাবিদের জন্মের পরই মমতাজের জীবনটা এলোমেলো হয়ে যায়। উঠতে-বসতে শুনতে হয় নানা কথা। নেমে আসে শারীরিক নির্যাতনও।
মমতাজের মা মদিনা খাতুন বলেন, সাবিদ হাঁটাচলা করতে পারে না। এমনকি উঠে দাঁড়াতেও পারে না। সাবিদের এই অবস্থার জন্য মমতাজকে দায়ী করেন স্বামী সেলিম রেজাসহ পরিবারের অন্যরা। এরপরও মমতাজ শ্বশুরবাড়িতেই ছিলেন। কিন্তু ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে তাঁকে তাড়িয়ে দেওয়া হয়। তার চার-পাঁচ মাস আগে স্বামী সেলিম রেজা শ্রমিক হিসেবে ওমানে চলে যান। এরপর থেকে আর স্ত্রী-সন্তানের খোঁজ নিচ্ছেন না তিনি।
মমতাজ গত ২১ এপ্রিল গাংনী থানায় তাঁর শ্বশুর মকবুল হোসেন ও শাশুড়ি স্বাধীনা খাতুনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ওই দিনই এ দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
মমতাজ বেগম বলেন, সেলিম বিদেশে যাওয়ার পর তাঁকে (স্ত্রী) দূরের কথা, ছেলে সাবিদেরও কোনো খোঁজ নেননি। একপর্যায়ে তাঁকে ছেলেসহ শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। বাধ্য হয়ে দিনমজুর বাবার বাড়িতে চলে আসেন। অসুস্থ সাবিদের জন্য ওষুধ কিনতে প্রতি মাসে ৫ হাজার টাকা লাগে। কিন্তু কোনো টাকা দেন না সেলিম। ফলে এক বছর হলো সাবিদের চিকিৎসা বন্ধ রয়েছে।
এদিকে মামলা করার পর মমতাজের বিপদ বেড়েছে। শ্বশুরবাড়ির লোকজন মামলা তুলে নিতে নানাভাবে হুমকি দিচ্ছে। এমনকি বাবার বাড়িতে এসেও তারা মমতাজকে শাসিয়ে গেছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মমতাজের শ্বশুর বর্তমানে কারাগারে রয়েছেন। শাশুড়ি জামিনে মুক্তি পেয়েছেন। মামলাটি এখন তদন্ত পর্যায়ে আছে। আর মমতাজকে যারা হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেবে পুলিশ।