বরগুনায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শিরিন (৩০) নামের এক শারীরিক প্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের গাজী মাহমুদ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বিকেলে চার ব্যক্তিকে পুলিশ আটক করেছে। তবে আটক ব্যক্তিদের নাম প্রকাশ করেনি পুলিশ।
এই হত্যাকাণ্ডের ঘটনাটি রহস্যজনক বলে উল্লেখ করেছেন এলাকার লোকজন।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গাজী মাহমুদ গ্রামে একই বাড়ির কাওসার হোসেন, সিদ্দিক মিয়া ও আবদুস ছত্তার মাস্টারের সঙ্গে একই বাড়ির সালেহা বেগমের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল বেলা আড়াইটার দিকে এ নিয়ে বাড়ির উঠানে বসে সালেহা বেগমের সঙ্গে কাওসার ও সিদ্দিক মিয়ার বাগ্বিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পরই সালেহা বেগম ঘরে ঢুকে চিৎকার দিতে দিতে বাইরে এসে বলেন, ‘ওরা আমার মেয়েকে খুন করেছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ করেন, কাওসার, সিদ্দিক ও ছত্তার মাস্টারকে ফাঁসানোর জন্য সালেহা বেগমের ছেলে শাহ আলম, তাঁর ভাসুরের ছেলে আনসার মৃধা ওরফে আফাং ও সালেহা বেগম নিজের ঘরের ভেতর প্রতিবন্ধী মেয়েকে কুপিয়ে খুন করে পরে ডাকচিৎকার দিয়ে গ্রামবাসীকে জড়ো করেন।
বরগুনা সদর থানার ওসি রিয়াজ হোসেন গতকাল সন্ধ্যায় বলেন, ‘আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে লাশ এবং একটি রক্তমাখা দা ও বঁটি উদ্ধার করেছি। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় নিয়ে এসেছি।’