প্রতিবন্ধী পুনর্বাসনের নামে নদ দখল

হবিগঞ্জ শহরে মাটি ভরাট করে পুরোনো খোয়াই নদ দখল করা হচ্ছে। প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র গড়ার নামে ইতিমধ্যে নদের বিশাল অংশ ভরাট করে ফেলা হয়েছে।
পুরোনো খোয়াই নদ হবিগঞ্জ শহরের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। গতকাল সরেজমিনে দেখা গেছে, নদীর মাহমুদাবাদ এলাকায় (শায়েস্তানগর গাউছিয়া মাদ্রাসার পাশে) প্রায় এক একর জায়গাজুড়ে নদী ভরাটের কাজ চলছে। ট্রাক্টর দিয়ে মাটি এনে ফেলা হচ্ছে নদের বুকে। এর সামনে ‘তাসনুভা শামীম প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র’ নামে একটি সাইনবোর্ড ঝুলছে।
এলাকার মধু মিয়া বলেন, এপ্রিলের প্রথম দিকে হঠাৎ করে মাটি ফেলে নদ দখল শুরু হয়। কাজে তাড়াহুড়া দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। এ বিষয়ে তাঁরা বেসরকারি সংস্থাটির পরিচালক সাগর আহমেদ শামীমকে প্রশ্ন করেন। শামীম এলাকার লোকজনকে বলেন, তিনি জেলা প্রশাসনের কাছ থেকে এ ভূমি ইজারা নিয়েছেন। তবে এলাকাবাসী খোঁজ নিয়ে জানতে পারেন, জেলা প্রশাসক এ জায়গা এখনো ইজারা দেননি।

জেলা আইনজীবী সমিতির সদস্য আবদুর রউফ বলেন, নদ-নদী ইজারা দেওয়া যায় না। এ নদ শহরের জলাধার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। শহরের পশ্চিম দিক থেকে শায়েস্তানগর পর্যন্ত আশপাশের বাসাবাড়ির ব্যবহারের পানি ও বৃষ্টির পানি নদের এ অংশে গিয়ে পড়ে। নদ ভরাট হলে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেবে। দখল ঠেকাতে জেলা প্রশাসককে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
তাসনুভা শামীম ফাউন্ডেশনের কার্যালয়ে গেলে এর উদ্যোক্তা বা পরিচালক সাগর আহমেদ শামীমকে পাওয়া যায়নি। তত্ত্বাবধায়ক শাহজাহান মাহমুদ বলেন, সাগর আহমেদ দেশের বাইরে আছেন।
জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন বলেন, হবিগঞ্জ প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলার জন্য এ ভূমি ভরাট করা হচ্ছে। কেন্দ্রটি আয়ারল্যান্ডপ্রবাসী সাগর আহমেদ শামীম পরিচালনা করবেন। তিনি ২৫ শতক ভূমি চেয়ে আবেদন করেন। তবে প্রশাসন ১০ শতক ভূমি ইজারা দেওয়ার প্রস্তাব পাঠিয়েছে ভূমি মন্ত্রণালয়ে।
এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, নদীর জায়গা ইজারা দেওয়া যায় না। জেলা প্রশাসক অবৈধভাবে এটাকে খাসজমি দেখিয়ে শ্রেণি পরিবর্তনের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়েছেন। এটা অন্যায়।