প্রতিবন্ধী প্রধান শিক্ষক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় একটি বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা সদস্যের হাতে লাঞ্ছিত হয়েছেন প্রতিবন্ধী প্রধান শিক্ষক মো. আবদুল লতিফ (৫১)। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোড়ল ইউনিয়নের খান্ডোর চড়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শুক্রবার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, ২০১৩ সালে ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটি থেকে প্রতিষ্ঠাতা সদস্য আবদুস সাত্তার (৬৫) বাদ পড়েন। এ ঘটনায় সাত্তার দাতা সদস্য বাচ্চা মিয়াকে বাদী বানিয়ে আদালতে একটি মামলা করেন, যা বিচারাধীন রয়েছে। ওই মামলায় বাদীপক্ষ সুবিধা করতে না পেরে দিনাজপুর শিক্ষা বোর্ডে পৃথক একটি অভিযোগ করে; বোর্ড কর্তৃক তদন্তের দায়িত্ব পান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিনুর আলম।
এদিকে ইউএনওর দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে বৃহস্পতিবার ওই বিদ্যালয়ে অভিযোগের তদন্তে আসেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. জাকির হোসেন। সেখানে তদন্তে প্রধান শিক্ষককে দোষী প্রমাণ করতে ব্যর্থ হয়ে ক্ষিপ্ত হয়ে বেলা সাড়ে তিনটার দিকে বিদ্যালয়ের মাঠে প্রকাশ্যে প্রধান শিক্ষকের ওপর হামলা করে তাঁকে শারীরিকভাবে (চড়-থাপ্পড় দিয়ে) লাঞ্ছিত করেন সাত্তার। এ সময় স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তিনি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের একাধিক শিক্ষক বলেন, তদন্তকারী কর্মকর্তা জাকির হোসেন চলে যাওয়ার পর তাঁরাও বাড়ি ফিরছিলেন। এ সময় চড়-থাপ্পড় ও গালির শব্দ শুনে তাঁরা গিয়ে প্রধান শিক্ষক লতিফকে উদ্ধার করেন।
প্রধান শিক্ষক লতিফ বলেন, ‘আমি একজন শারীরিক প্রতিবন্ধী। আমার বাঁ হাত ও বাঁ পা অবশ। ১৯৯১ সাল থেকে এখানে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছি। বিদ্যালয়ে জমি না দিয়েও সাত্তার প্রতিষ্ঠাকালীন দাতা সদস্য হিসেবে ২০১৩ সালের আগ পর্যন্ত কমিটির সদস্য ছিলেন। ২০১৩ সালে তিনি কমিটি থেকে বাদ পড়লে তাঁর পক্ষের দাতা সদস্য বাচ্চাকে দিয়ে আদালতে একটি মামলা করেন। পরে দিনাজপুর শিক্ষা বোর্ডেও অভিযোগ করেন। কোথাও সুবিধা করতে পারছেন না বলেই আমাকে বৃহস্পতিবার বিকেলে সাত্তার চড়-থাপ্পড় মারেন। এর চেয়ে আমার মৃত্যুই ভালো ছিল। আমি শিক্ষা বিভাগের কর্মকর্তার পরামর্শে গতকাল বিকেলে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি গোলজার হোসেন বলেন, ‘উপজেলা শিক্ষা কমিটির সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এ ব্যাপারে কথা বলতে সাত্তারের বাড়িতে গিয়েও তাঁকে না পাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ইউএনও শাহিনুর ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম বলেন, ‘ঘটনাটি জেনে ওই শিক্ষককে আইনের আশ্রয় নিতে বলেছি।’ কালীগঞ্জ থানার ওসি বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগটি দিয়েছেন প্রধান শিক্ষক লতিফ।