প্রতিবন্ধী বোনের জমি আত্মসাতের অভিযোগ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় তোফাজ্জল হোসেন সরদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবন্ধী বোনের প্রায় দুই বিঘা জমি আত্মসাতের অভিযোগ উঠেছে। চিকিৎসা করানোর কথা বলে কৌশলে তিনি নিজের নামে ওই জমি লিখে নেন। এ ঘটনায় প্রতিবন্ধী ফরিদা বিবি (৪৬) তাঁর ভাই ও ভাতিজার বিরুদ্ধে গত শুক্রবার আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
উপজেলার দক্ষিণ রামশালা গ্রামের প্রয়াত হযরত আলী সরদারের তিন সন্তান। এর মধ্যে তোফাজ্জল হোসেন সবার বড়। তাঁর দুই বোন ফিরোজা বিবি ও ফরিদা বিবি। তাঁদের পৈতৃক ৩০-৩৫ বিঘা জমি রয়েছে। ফরিদা বিবি শারীরিক প্রতিবন্ধী। প্রায় তিন দশক আগে উপজেলার মহিতুড় গ্রামের সেকেন্দার আলীর সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের একমাত্র সন্তান ফরহাদ হোসেনও (২৬) শারীরিক প্রতিবন্ধী। সেকেন্দার আলী দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আলাদা সংসারে থাকেন। ফরিদা বিবি ও তাঁর ছেলে মহিতুড় গ্রামে বাস করছেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯০ সালে তোফাজ্জল হোসেন ছোট দুই বোনের কাছ থেকে কৌশলে জমিজমা লিখে নিয়েছিলেন। ওই ঘটনা জানাজানি হওয়ার পর ফিরোজা বিবি ও ফরিদা বিবির নামে আলাদাভাবে ৬৫ শতাংশ করে জমি ফিরিয়ে দিয়েছিলেন তিনি। সেই জমি বন্ধক রেখে সংসার চালাচ্ছিলেন ফরিদা বিবি। প্রায় সাত মাস আগে ফরহাদ হোসেন মামার বাড়ি যান। তখন তোফাজ্জল হোসেন জানান, ফরিদা বিবি তাঁর ভাগের জমি তাঁকে লিখে দিয়েছেন। এই বছর থেকে তাঁরা আর জমি বন্ধক রাখতে পারবেন না।
ফরহাদ হোসেন বলেন, তিনি উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে খোঁজখবর নিতে গিয়েছিলেন। কাগজপত্র ঘেঁটে দেখা গেছে, গত বছর ১৪ জুন তাঁর মায়ের ৬৫ শতক জমির মধ্যে ৫৫ শতক তোফাজ্জল হোসেন হেবা (দান) দলিল করে নেন। পরে তিনি ওই জমি তাঁর ছেলে আশরাফুল ইসলামকে কবলা দলিল করে দিয়েছেন। এ ঘটনা জানাজানি হওয়ার পর জমি ফেরত অথবা বাজারদর অনুযায়ী টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু তিনি কথা রাখেননি। বাধ্য হয়ে এক মাস আগে সোনামুখী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে লিখিত দেন তিনি। সালিস বৈঠকে জমি বাবদ টাকা দেওয়ার কথা বলেছিলেন তোফাজ্জল হোসেন। কিন্তু তিনি টাকা দিচ্ছেন না।
ফরিদা বিবি বলেন, ‘তোফাজ্জল ভাই মুকি ডাক্তর দ্যাখাবার জন্যি আক্কেলপুর শহরত লিয়ে আসিছিল। ডাক্তরত দ্যাখে হামাক কলো, তোর নামে ব্যাংকত ট্যাকা থুছি। সেই ট্যাকা তুলতে মুরি কাছে টিপসই লিচে। একন ভাই মোক কওচে, হামি তাকি জমি দান করিচি। মুই তো ভাত পাওনা, আবার মুই ভাইয়ক জমি দান করমু ক্যান? ভাই হামাক ঠকাচে। এ জন্যি থানায় অভিযোগ করিচু।’
চিকিৎসা করাতে এনে জমি লিখে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তোফাজ্জল হোসেন। গতকাল শনিবার মুঠোফোনে তিনি বলেন, ‘ফরিদা স্বেচ্ছায় আমাকে জমি লিখে দিয়েছে। জমি বাবদ ছোট বোনকে কিছু টাকাপয়সা দিয়ে দেব।’
সোনামুখী ইউপির চেয়ারম্যান ডি এম রাহেল ইমাম বলেন, ফরিদা বিবির অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর বড় ভাই তোফাজ্জল হোসেনকে ইউপি কার্যালয়ে ডাকা হয়েছিল। তিনি জমি বাবদ টাকা দেওয়ার জন্য সময় নিয়েছেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘বড় ভাই তাঁর শারীরিক প্রতিবন্ধী বোনের কাছ থেকে প্রতারণা করে জমি লিখে নিয়েছেন বলে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’