প্রতিবন্ধী ব্যক্তিকে নির্যাতন করায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
প্রতিবন্ধী এক যুবককে নির্যাতনের মামলায় রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউপি চেয়ারম্যান জিয়াউল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, এতে চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ চাঁদসহ আরও নয়জন আসামি আছেন। আবু সাঈদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চারঘাট উপজেলা বিএনপির সভাপতি। গত মঙ্গলবার দুপুরে উপজেলার মাড়িয়া জোয়ার্দ্দারপাড়া গ্রামের ইমান আলীর প্রতিবন্ধী ছেলে সাখাওয়াত হোসেন বাদী হয়ে রাজশাহীর বিচারিক হাকিম আদালত-৫-এ তাঁদের বিরুদ্ধে মামলাটি করেন।
চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, আদালতে মামলাটি দায়েরের পর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এ কারণে ইউপি চেয়ারম্যান জিয়াউল হককে গ্রেপ্তার করা হয়। আবু সাঈদসহ মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে তাঁরা পলাতক। জিয়াউলকে গতকালই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে প্রতিবন্ধী সাখাওয়াত হোসেন বলেন, গত ২৪ জানুয়ারি শলুয়া ইউনিয়ন পরিষদের সদস্য জাইদুর ফোন করে তাঁকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে ডেকে নেন। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন মামলার সব আসামি। সেখানে পৌঁছার পর উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ চাঁদের নির্দেশে তাঁকে নির্মম নির্যাতন করা হয়। এ ছাড়া তাঁর একটি কৃত্রিম পা ভেঙে ফেলা হয়। জমি নিয়ে বিরোধের জেরে তাঁর ওপর এ নির্যাতন হয় বলে এজাহারে উল্লেখ করেন সাখাওয়াত।