প্রতিবন্ধী শিশু ও তরুণীকে ধর্ষণ, চারজন গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নে এক প্রতিবন্ধী শিশু (১০) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় হানিফ মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ছাড়া কুমিল্লার বুড়িচংয়ে ধর্ষণের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার ও এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।
ভৈরব থানার পুলিশ ও শিশুর পরিবার জানায়, শিশুটি জন্মের পর থেকে শারীরিক প্রতিবন্ধী। সে হাঁটতে পারে না। রোববার সন্ধ্যায় শিশুটির মা-বাবা বাড়িতে ছিলেন না। এ সুযোগে প্রতিবেশী হানিফ মিয়া শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যান। রাতে পরিবারের লোকজনের কাছে ওই শিশু ঘটনাটি জানায়। পরে বাড়ির লোকজন হানিফকে ধরে পুলিশে খবর দেন।
থানার পরিদর্শক (তদন্ত) কামরুল হাসান বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির দাদা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। হানিফকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
তবে হানিফ পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, সোমবার সন্ধ্যায় লাকসাম উপজেলার এক তরুণী ঢাকা যাওয়ার জন্য লাকসাম জংশন থেকে নাসিরাবাদ ট্রেনে করে কুমিল্লা রেলস্টেশনে আসেন। ট্রেন থেকে নেমে তিনি অন্য একটি ট্রেনে ওঠার জন্য অপেক্ষা করতে থাকেন। রাত ১০টার দিকে রেলস্টেশন থেকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার সাতরা গ্রামের মোখলেছ ও তাঁর লোকজন ওই তরুণীকে কৌশলে ওই গ্রামের ইব্রাহিমের ডেকোরেটর দোকানের মালামাল রাখার কক্ষে নিয়ে যান। পরে রাত সাড়ে ১১টার দিকে ইব্রাহিম, জুয়েল, নাজিম উদ্দিন ও মোখলেছ তরুণীকে ধর্ষণ করেন।
গতকাল মঙ্গলবার ভোরে ইব্রাহিম ছাড়া বাকি তিনজন ওই তরুণীকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে কুমিল্লা-বাগড়া সড়ক দিয়ে যাওয়ার পথে উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল বাজার এলাকার টহল পুলিশ তাঁদের আটক করে।
এ সময় ওই তরুণী পুলিশের কাছে ধর্ষণের ঘটনা জানান। এ সময় পুলিশ জুয়েল, নাজিম উদ্দিন ও মোখলেছকে আটক করে বুড়িচং থানায় নিয়ে আসে। পরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় তাঁদের হস্তান্তর করা হয়।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, এ ব্যাপারে ওই তরুণী বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেন।