প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

ঢাকার সাভারে এক প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার নগরকুণ্ডা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মজিবর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আদালত আজ রোববার তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
সাভার মডেল থানার পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার শিশুর মা চাকরিসূত্রে দেশের বাইরে থাকেন। তার বাবা দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন। ওই শিশু ও তাঁর বড় ভাই দাদির কাছে থাকে। শনিবার সকালে শিশুটিকে সকালের নাশতা খেতে দিয়ে তাঁর দাদি সাবান কেনার জন্য পাশের দোকানে যান। এ সময় শিশুটির ভাইও বাড়িতে ছিলেন না। এই সুযোগে প্রতিবেশী মজিবর ওই বাড়িতে গিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। বাড়ি ফিরে দাদি ঘটনা দেখে চিৎকার করলে ধর্ষক পালিয়ে যান।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নূরুল হুদা ভূঁইয়া বলেন, ধর্ষণের ঘটনায় শিশুটির দাদি আজ রোববার সাভার মডেল থানায় মামলা করেছেন। গতকাল রাতে বাড়ি থেকে মজিবরকে আটক করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আজ তাঁকে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত মজিবরের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়া গেছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।