প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নে প্রতিবন্ধী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটির পরিবারের সদস্যদের অভিযোগ, ঘটনার আট দিন পার হলেও সমাজপতিদের চাপে তাঁরা আইনের আশ্রয় নিতে পারছেন না।
পরিবার ও এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পদ্মা নদীর উত্তর পারে অবস্থিত কাঁচিকাটা ইউনিয়নের বাসিন্দা ১২ বছর বয়সী শিশুটি বাক্প্রতিবন্ধী। ১৭ আগস্ট সকালে ওই শিশুর প্রতিবেশী দুই সন্তানের জনক এক ব্যক্তি (৩৫) ঘরে একা পেয়ে তাকে ধর্ষণ করেন। শিশুটির আর্তচিৎকার শুনে তার বড় বোনসহ আশপাশের লোকজন এগিয়ে এলে ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। শিশুটিকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু রক্তক্ষরণ অব্যাহত থাকায় পরের দিন তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেওয়া হয়েছে।
শিশুটির বাবা বিচার পেতে ধরনা দিয়েছিলেন স্থানীয় ইউপি সদস্য আমানুল্লাহ সরদার এবং অভিযুক্ত ব্যক্তির চাচা, শ্বশুরসহ স্থানীয় প্রভাবশালী লোকজনের কাছে। তাঁরা তাঁকে থানায় যেতে নিষেধ করেন এবং স্থানীয়ভাবে বিচারের আশ্বাস দেন। কিন্তু পরিবারটি বলছে, গতকাল বুধবার পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর শ্বশুর বলেন, ‘ঘটনা যেহেতু ঘটে গেছে, এখন আর কী করার আছে? আমরা চেয়ারম্যানসহ সমাজের দশজন মিলে বিষয়টি মীমাংসা করব বলেছি।’
ইউপি সদস্য আমানুল্লাহ সরদার বলেন, ‘আমি চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি। মোবাইলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনা জানাই। ওসি ওদের (শিশুটির পরিবার) থানায় যেতে বলেছিলেন। কিন্তু তারা যায়নি।’
সখীপুর থানার ওসি মঞ্জুরুল হক আকন্দ বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। কেউ আমাদের কাছে অভিযোগ করেনি।’
তবে শিশুটির বাবা বলছেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরাই তাঁকে থানা-পুলিশ করতে নিষেধ করেছেন। তাঁদের সম্মতি ছাড়া থানায় গেলে তাঁকে এলাকাছাড়া হতে হবে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার নিজের জায়গা-জমি নেই। এখানে সমাজপতিদের জায়গায় ঘর উঠিয়ে থাকি। তাঁদের কথার বাইরে আমি থানায় যাব কীভাবে? সমাজের কথা না শুনলে আমাকে এখানে থাকতে দেওয়া হবে না।’