প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে হত্যা
পুরান ঢাকার ইসলামবাগে মণি আক্তার (১০) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে পাশবিক নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে বাসার বাইরে রক্তাক্ত ও অচেতন অবস্থায় স্বজনেরা মণিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন নামের এক যুবককে পুলিশ আটক করেছে। পুলিশ বলছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করা দেলোয়ার শিশুটিকে উত্ত্যক্ত করে আসছিল বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। তবে এ ঘটনায় চকবাজার থানায় কারও নাম উল্লেখ না করে মামলা হয়েছে।
চকবাজার থানার পশ্চিম ইসলামবাগের আলীর ঘাটে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত মণি। ছয় ভাইবোনের মধ্যে সে ছিল সবার ছোট। তার বাবা চান মিয়া নৌকার মাঝি। মা রেনু বেগম স্থানীয় একটি প্লাস্টিক কারখানায় চাকরি করেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেলোয়ার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেনি।