প্রতিবন্ধী শিশুদের ধর্ষণের বিচার পেতে চরম বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে গত আগস্টে ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশু ধর্ষণের শিকার হয়। শিশুটির বাড়িতে যাতায়াত ছিল প্রধান সন্দেহভাজন ব্যক্তিদের। যৌন নিপীড়নের ঘটনাটি ঘটে তার আট বছর বয়সী ছোট বোনের সামনে। মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকে কয়েক দিন। ৬৫ বছর বয়সী প্রধান সন্দেহভাজন ব্যক্তি এখন কারাগারে।
শিশুটির মা প্রথম আলোকে বললেন, থানায় ছোট মেয়ে ঘটনার বর্ণনা দিলে মামলা নেয় পুলিশ। অসহায়ত্বের সুরে তিনি বলেন, ‘আসামি প্রভাবশালী। এলাকায় থাকতে চাইলে আপস না কইরা উপায় নাই।’
প্রতিবন্ধী শিশুদের ধর্ষণের শিকার হওয়ার ঘটনা বাড়ছে। এই শিশুদের পরিবারের সদস্যদের আইনি সহায়তা নেওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক ক্ষেত্রেই এই পরিবারগুলো বাধ্য হচ্ছে আপস করতে।
বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য অনুযায়ী, গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩১ জন প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়। আর এ বছর একই সময়ে ধর্ষণের শিকার হয় ৩৭ জন। ২০১৫ সালে ধর্ষণের শিকার হয় ২৩ জন প্রতিবন্ধী শিশু। গত বছর তা বেড়ে দাঁড়ায় ৪২ জনে।
নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইশরাত জাহান ধর্ষণের শিকার ব্যক্তিদের নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধনী ২০০৩) ২২ ধারায় জবানবন্দি নেন। এখানে দেড় বছর ধরে কাজের অভিজ্ঞতা জানিয়ে ইশরাত বলেন, ‘জবানবন্দি নিতে গিয়ে দেখি, কোনো শিশুর মুখ দিয়ে লালা পড়ছে, কেউ কথা বলতে পারে না, আবার কেউ মানসিক প্রতিবন্ধী। এই শিশুদের বেশির ভাগেরই বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে।’
গত ৯ আগস্ট চুয়াডাঙ্গায় ১০ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের পর দোতলার মুরগির খামার থেকে নিচে ফেলে দেয় খামারমালিক মনিরুজ্জামান। এতে শিশুটির ডান পা ভেঙে যায়। মনিরুজ্জামান এখন কারাগারে।

আইনি সহায়তা পেতে বিড়ম্বনা
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হলে ভোগান্তির মাত্রা বাড়ে কয়েক গুণ। বাক্-শ্রবণপ্রতিবন্ধী মানুষের বেলায় ইশারা ভাষায় দোভাষী-সংক্রান্ত সমস্যায় পড়তে হয়। দৃষ্টিপ্রতিবন্ধী হলে অনেক ক্ষেত্রেই বলা হয়, সে তো চোখে দেখে না, ধর্ষককে চিনবে কেমনে? শারীরিক প্রতিবন্ধীদের বেলায় আছে আদালতে প্রবেশের সমস্যা।
২০১৩ সালের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনে বিচার পেতে প্রতিবন্ধী ব্যক্তির সব ধরনের সুবিধার কথা নিশ্চিত করা হয়েছে। তবে নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রতিবন্ধী নারী বা শিশুর কথা আলাদাভাবে উল্লেখ নেই।
এ বিষয়ে ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আলী আসগর প্রথম আলোকে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনটি হয়েছে ২০০০ সালে, কিন্তু এখনও বিধিমালা হয়নি। ধর্ষণসহ বিভিন্ন মামলায় বিচারকেরা আইনটির নানা ব্যাখ্যা দেন। একটি বিধিমালা খুব জরুরি।
জাতীয় বধির ঐক্য পরিষদের ভাইস প্রেসিডেন্ট আরিফুল ইসলাম বেসরকারি সংগঠন সোসাইটি অব দ্য ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্সের হয়ে প্রতিবন্ধী নারী ও শিশুদের মামলায় দোভাষীর কাজ করছেন। তিনি জানালেন, মামলায় দোভাষী নিয়োগের জন্য সরকারের পক্ষ থেকে লিখিত নির্দেশনা নেই। অনেক সময় অনেক কোর্ট বেসরকারি সংগঠন থেকে আসা দোভাষী নিয়োগ করতে রাজি হন না। মামলার প্রয়োজনে দোভাষীদের যাতায়াতের জন্য কোনো বরাদ্দও নেই। দোভাষী না পাওয়া গেলে মামলা ঝুলে যায়। বাংলাদেশ ভিজ্যুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটির জেনারেল সেক্রেটারি দৃষ্টিপ্রতিবন্ধী নাজমা আরা বেগম বলেন, একেকটি মামলায় রায় পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এর ফলে ধর্ষণের শিকার প্রতিবন্ধী শিশু যে সন্তানের জন্ম দেন, তার দায় পরিবারকে নিতে হয়।
ছোটবেলায় পোলিও আক্রান্ত হয়ে শারীরিক প্রতিবন্ধিতার শিকার হন নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইশরাত জাহান। তিনি বলেন, প্রতিবন্ধী বিশেষ করে শিশুর বেলায় ধর্ষণের ঘটনা প্রমাণ করা বেশ কঠিন হয়। এসব ঘটনায় ডিএনএ টেস্টের জন্য আলামত সংগ্রহ এবং সংরক্ষণের বিষয়টিতে জোর দেওয়া উচিত।