প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নে এক বাক্প্রতিবন্ধী কিশোরীকে (১৬) এক তরুণ ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত শুক্রবার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।

মামলার আসামিরা হলেন চানকোনা গ্রামের নয়ন মিয়া (২৫), তাঁর বাবা আবু সিদ্দিক মিয়া (৫০) ও চাচা হাসেন আলী (৩৮)। মামলা হওয়ার পর থেকে আসামিরা পলাতক।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেল পৌনে চারটার দিকে ওই কিশোরী একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় ওই স্থানে কোনো লোকজন ছিল না। এ সুযোগে নয়ন মিয়া তাকে পুকুরঘাটে ধর্ষণ করেন। পরে সেখানে লোকজন চলে এলে নয়ন মিয়া পালিয়ে যান। বিষয়টি জানাজানি হলে পরদিন চানকোনা বাজারের একটি ঘরে গ্রাম্য মাতবরদের নিয়ে সালিস বসানো হয়। সালিসে কিশোরীটিকে বিয়ের জন্য বলা হয়। এতে নয়ন মিয়ার পরিবার রাজি হয়নি। এদিকে ধর্ষণের শিকার ওই কিশোরীকে গত বৃহস্পতিবার সকালে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, ‘ডাক্তারি পরীক্ষার জন্য ওই কিশোরীকে গতকাল নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’