প্রতিবন্ধীকে ধর্ষণের সাত দিন পর মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মানসিক প্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের ঘটনার সাত দিন পর গতকাল মঙ্গলবার মামলা হয়েছে। ওই কিশোরীর মা রায়পুর থানায় এ মামলা করেন। এতে দক্ষিণ কেরোয়া গ্রামের জাহাঙ্গীর হোসেনকে (২৭) আসামি করা হয়েছে।
রায়পুর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন গতকাল বলেন, পুলিশ ধর্ষণের অভিযোগের সত্যতা পেয়েছে। লক্ষ্মীপুর সদর হাসপাতালে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা হয়েছে। অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন গত সোমবার মুঠোফোনে বলেন, তিনি ওই ঘটনার সঙ্গে জড়িত নন। সব ষড়যন্ত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ নভেম্বর জাহাঙ্গীর হোসেন ওই কিশোরীকে ধর্ষণ করেন। তখন কেরোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হোসেন আহাম্মদ এ ঘটনার বিচারের আশ্বাস দিলেও বিচার করেননি। এ ঘটনায় গত সোমবার কিশোরীর মা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেন।