জমি নিয়ে বিরোধে ঢাকার সাভার পৌর এলাকার বাড্ডা ভাটপাড়া মহল্লার প্রতিবন্ধী এক ব্যক্তিকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই প্রতিবন্ধী ছাড়া পেলেও পুলিশের হাতে আটক হন প্রতিপক্ষের এক যুবক। পরে পুলিশ ওই যুবককে টাকার বিনিময়ে ছেড়ে দেয় বলে অভিযোগ ওঠে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, বাড্ডা ভাটপাড়ার প্রতিবন্ধী নিত্যানন্দ সরকারের (৬০) সঙ্গে প্রতিবেশী অনিল সরকারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। একই এলাকার বিনয় সরকারের ছেলে প্রশান্ত সরকারের দাবি, তাঁদের ৪ শতাংশ জমিও দখল করেছেন নিত্যানন্দ। এই বিরোধে পুলিশের সহায়তায় মাদক দিয়ে নিত্যানন্দকে ফাঁসানো হয়।
প্রশান্ত বলেন, পুলিশের সহায়তায় নিত্যানন্দের দখলে থাকা তাঁদের জমি উদ্ধারের আশ্বাস দিয়ে অনিলের ছেলে বিরাজ সরকার তাঁর (প্রশান্ত) কাছ থেকে ৬৫ হাজার টাকা নেন। কিন্তু জমি দখলমুক্ত না করে সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহমুদ আলমের সঙ্গে যোগসাজশ করে বিরাজ ফেনসিডিল দিয়ে নিত্যানন্দকে ফাঁসানোর চেষ্টা চালান। বিষয়টি ফাঁস হওয়ার পর বিরাজকে পুলিশ ধরে নিয়ে যায়। কয়েক ঘণ্টা পর তাঁকে ছেড়েও দেয়। এরপর বিরাজ মামলা ও পুলিশের ভয় দেখিয়ে তাঁর কাছে আরও ৬০ হাজার টাকা দাবি করেন।
নিত্যানন্দের স্ত্রী গীতা রানি বলেন, গত বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে সাভার মডেল থানার এসআই শাহীন মোল্লা, এএসআই মাহমুদসহ পুলিশের কয়েকজন তাঁদের বাড়িতে যান। তাঁরা ঘরে কয়েক বোতল ফেনসিডিল ও একটি প্যাকেট রেখে মাদক ব্যবসায়ী হিসেবে তাঁর স্বামীকে ধরে নিয়ে যান। এ সময় বাড়ির বাইরে ছিলেন বিরাজ। নিত্যানন্দ বলেন, আটক করে তাঁকে সাভার মডেল থানায় নেওয়া হয়। তাঁর ছেলে গণেশ সরকার মুঠোফোনে বিষয়টি সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখকে জানান। পরে ওই কর্মকর্তার নির্দেশে তাঁকে ছেড়ে দেওয়া হয়। জমি নিয়ে বিরোধে বিরাজই তাঁকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করেন।
এ ব্যাপারে বিরাজ বলেন, প্রশান্তের পরামর্শে এএসআই মাহমুদকে দিয়ে নিত্যানন্দকে মাদকসহ গ্রেপ্তারে মধ্যস্থতা করেন তিনি। এ জন্য প্রশান্তের কাছ থেকে নিয়ে এএসআই মাহমুদকে তিনি ৩৫ হাজার টাকাও দেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে নিত্যানন্দকে ছেড়ে ওই রাতেই এক পুলিশ কর্মকর্তা তাঁকে (বিরাজ) ধরে নিয়ে যান। পরে ১৯ হাজার টাকার বিনিময়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
জানতে চাইলে এএসআই মাহমুদ বলেন, বিরাজের মিথ্যা তথ্যের ভিত্তিতে এসআই শাহীন মোল্লার সঙ্গে নিত্যানন্দের বাড়িতে যাই। সেখানে পানি ভরা অবস্থায় ফেনসিডিলের কয়েকটি বোতল পাওয়া যায়। বিষয়টি সাজানো প্রমাণ হওয়ায় নিত্যানন্দকে ছেড়ে দেওয়া হয়। পরে এসআই শাহীন কৌশলে বিরাজকে আটক করেন। তবে নিজেরা ফেনসিডিল নিয়ে যাওয়ার অভিযোগসহ বিরাজের মাধ্যমে টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। এসআই শাহীন বলেন, নিত্যানন্দকে চার বোতল ফেনসিডিল, তিনটি ইয়াবা বড়িসহ ধরতে বিরাজ এএসআই মাহমুদকে নিয়ে যান। তদন্তে বিষয়টি সাজানো প্রমাণিত হওয়ায় নিত্যানন্দকে ছেড়ে বিরাজকে আটক করা হয়। বিরাজকে ছেড়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, ফেনসিডিলের বোতলে পানি থাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। বিরাজের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ তিনিও অস্বীকার করেন।
এএসপি রাসেল বলেন, ‘ইয়াবা বড়ি পাওয়ার অভিযোগে নিত্যানন্দকে আটক করা হয়েছিল বলে আমাকে জানানো হয়। তদন্তে বিষয়টি প্রমাণিত না হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। যাঁর তথ্যের ভিত্তিতে নিত্যানন্দকে আটক করা হয়েছিল, তাঁকে আটকের নির্দেশ দেওয়া হয়েছে। এর বাইরে কোনো ঘটনা থাকলে তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’