প্রতিবন্ধীর ঘরে ইয়াবা রেখে টাকা নিল পুলিশ!
সিরাজগঞ্জের তাড়াশ থানার এক পুলিশ কর্মকর্তা ও কথিত সাংবাদিকের বিরুদ্ধে প্রতিবন্ধী যুবকের ঘরে ইয়াবা রেখে ফাঁসানোর ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হওয়ায় তিন দিন পর আজ শনিবার ওই টাকা ফেরতও দেওয়া হয়।
বিষয়টি তদন্তের জন্য সহকারী পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মোতাহার হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। মোতাহার হোসেন বলেন, ইয়াবার বিষয়টি সাজানো ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। টাকা আদান-প্রদান হয়েছে, এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আরও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
থানা-পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার আসানবাড়ি গ্রামের প্রতিবন্ধী মামুন হোসেনের বাড়িতে ইয়াবা আছে বলে তল্লাশি চালান তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) আল-মামুন। তাঁর সঙ্গে পুলিশের সোর্স স্থানীয় কথিত সাংবাদিক হাফিজুর রহমানও অংশ নেন। তল্লাশি করে কোনো কিছু না পেয়ে ফিরে যাওয়ার সময় হাফিজুর নিজেই ঘরের পাদানির নিচ থেকে ছয়টি ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ কর্মকর্তাকে দেখান। গ্রামবাসী জানায়, হাফিজুর নিজেকে ‘দৈনিক বজ্রকণ্ঠ’ পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দেয়। এ ধরনের কোনো পত্রিকা সিরাজগঞ্জ থেকে প্রকাশিত হয় না। এটি ময়মনসিংহ থেকে প্রকাশ হয় বলে গ্রামবাসীকে জানিয়েছেন হাফিজুর।
এ বিষয়ে প্রতিবন্ধী মামুন হোসেন বলেন, ‘আমি একজন প্রতিবন্ধী মানুষ। হাফিজুর এবং পুলিশ কর্মকর্তা দুজনই রাতে হঠাৎ আমার ঘরে প্রবেশ করে। সাজানো ঘটনায় ইয়াবা বড়ির কথা বলে মামলার ভয় দেখিয়ে ৪০ হাজার টাকা দাবি করে। আমি হাফিজুরের কথামত ৩০ হাজার টাকা পুলিশ কর্মকর্তার হাতে দিই। তাঁরা বিষয়টি কাউকে না জানানোর জন্য বলে বাড়ি থেকে চলে যায়। হাফিজুর সম্পর্কে আমার ভগ্নিপতি। বিভিন্ন সময়ে আমার কাছ থেকে সে অনেক টাকা ধার হিসেবে নিলেও ফেরত দেয়নি। সম্প্রতি সে আবার টাকা দাবি করায় আমি দিতে রাজি হইনি। পরে পুলিশকে সঙ্গে করে এনে পরিকল্পিত ভাবে আমাকে মাদক মামলায় জড়ানোর ভয় দেখিয়ে তাঁরা টাকা নিয়েছে। আবার আজ সকালে বাড়িতে এসে এই টাকা ফেরত দেয়।’
এসআই আল-মামুন বলেন, সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় কোনো মাদক না পেয়ে ফিরে যাওয়ার সময় সোর্স (হাফিজুর) আবার ঘরে ঢুকে ছয়টি ইয়াবা বড়ি নিয়ে আসে। বিষয়টি সাজানো এবং সন্দেহ হওয়ায় মামুন হোসেনকে রেখে আমরা চলে যাই। কোনো টাকা নেওয়া হয়নি। হাফিজুর পুলিশের নাম ভাঙিয়ে টাকা নিয়েছে কি না জানা নেই।
হাফিজুর বলেন, ‘আমি তাঁর কাছে টাকা পেতাম। সে কারণে পুলিশ নিয়ে টাকা উদ্ধারের জন্য গিয়েছিলাম।’
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টি এম আমিনুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করছেন।