প্রতিবন্ধীর জমি দখল করে প্রভাবশালীর সীমানাপ্রাচীর
নীলফামারীর সৈয়দপুরে এক শারীরিক প্রতিবন্ধীর বসতবাড়ির জমি দখল করে প্রতিবেশী আবেদ আলী সরকার ও তাঁর ভাইয়েরা সীমানাপ্রাচীর নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে জলাবদ্ধ হয়ে পড়েছে ওই শারীরিক প্রতিবন্ধীর পরিবার। উপজেলার ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর চ্যাংমারীপাড়ার শারীরিক প্রতিবন্ধী সোহাগ রানা এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গত শনিবার রোববার লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, দুই বছর আগে ফুটবল খেলতে গিয়ে ডান পা হারান চ্যাংমারীপাড়ার সোহাগ রানা। পরিবারটি যখন জীবনযুদ্ধে সোহাগকে নিয়ে নতুন লড়াইয়ে ব্যস্ত, তখন প্রতিবেশী প্রভাবশালী আবেদ আলী ও তাঁর ভাইয়েরা মিলে সোহাগদের বাড়ির জমি দখল করে ও পানিনিষ্কাশনের পথ বন্ধ করে প্রাচীর তোলেন। এতে সামান্য বৃষ্টিতেই সোহাগদের বাড়ি জলাবদ্ধ হয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। আমিন (জমি পরিমাপক) দিয়ে বসতবাড়ির জায়গা আবারও পরিমাপের জন্য সোহেলের পরিবারের পক্ষ থেকে বহুবার আবেদ আলীর পরিবারকে অনুরোধ জানানো হয়। কিন্তু তাঁরা এ অনুরোধে কান দেননি।
অভিযোগ পেয়ে ইউএনও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। ওসি ইসমাইল হোসেন বিষয়টি থানার একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) তদন্তের জন্য দায়িত্ব দেন।
এদিকে আবেদ আলীর ছেলে মো. রয়েল বলেন, দুই বছর আগে তাঁরা বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণ করেন। কিন্তু তখন সোহাগদের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আপত্তি তোলা হয়নি। তা ছাড়া তাঁরা নিজ জমিতেই সীমানাপ্রাচীর দিয়েছেন বলে দাবি করেন রয়েল।
এএসআই সামসুল আলম মুঠোফোনে বলেন, ‘বিষয়টি নিয়ে আমি উভয় পক্ষকে থানায় ডেকেছিলাম এবং তাঁদের সঙ্গে সরাসরি কথাও বলেছি। আমি বিষয়টির সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাধানের জন্য সরকারি আমিন এনে বসতবাড়ি জায়গায় পরিমাপের পরামর্শ দিয়েছি।’