প্রতিবাদ করায় উত্ত্যক্তকারী যুবকের হামলায় আহত ২
বগুড়ার শেরপুরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় উত্ত্যক্তকারী যুবকের ধারালো ছোরার আঘাতে প্রবীর তাম্বুলী (২৫) ও পিন্টু তাম্বুলী (২৮) নামের দুজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার পৌর শহরের ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর ক্ষুব্ধ লোকজন অভিযুক্ত বিপ্লব দাসকে (২৬) আটক করে পুলিশে সোপর্দ করেছে। বিপ্লবের বাড়ি পশ্চিম দত্তপাড়া মহল্লায়। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় কয়েকজন জানান, উত্ত্যক্তের ঘটনায় প্রতিবাদ করলে বিপ্লব ও তাঁর বাবা কার্ত্তিক দাস ওই দুই যুবককে কথা-কাটাকাটির একপর্যায়ে মারধর করেন। এ সময় বিপ্লব ধারালো ছোরা দিয়ে তাঁদের পেটে আঘাত করেন। উত্ত্যক্তের শিকার মেয়েটি জানায়, প্রতিবাদ করলে বিপ্লব চাকু দিয়ে তাকেও মেরে ফেলার হুমকি দেন।
মেয়ের বাবা বলেন, তাঁর মেয়ে শহরের একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। স্কুলে ও প্রাইভেট পড়তে আসা-যাওয়ার পথে ছয় মাস ধরে বিপ্লব তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছেন। বিষয়টি বিপ্লবের বাবাকে জানালেও তিনি ছেলেকে এ কাজ থেকে বিরত করার কোনো উদ্যোগ নেননি। পরে ছেলের উত্ত্যক্ত করার ঘটনার প্রতিবাদ করায় উল্টো বিপ্লব ও তাঁর বাবা শুক্রবার বিকেলে প্রতিবাদকারীদের হামলা করেন। এ সময় তাদের ছোরার আঘাতে তাঁর ভাগনে প্রবীর ও ভাতিজা পিন্টু মারাত্মক জখম হন।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) ফারুকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, আটক যুবক ও তাঁর বাবার বিরুদ্ধে ওই মেয়ের বাবার লিখিত অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।