প্রতিবাদ করায় শিক্ষার্থীকে ছাত্রলীগ কর্মীর মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধুর সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদ করায় স্নাতকোত্তর শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর করেছেন দ্বিতীয় বর্ষে পড়ুয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক কর্মী। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বন্ধুকে সঙ্গে নিয়ে হলের সামনে চায়ের দোকানে চা খেতে যান ৩৯তম ব্যাচের গণিত বিভাগের শিক্ষার্থী সেলিম আহমেদ। চা খেয়ে বের হয়ে আসার সময় তাঁর বন্ধুর সঙ্গে ছাত্রলীগের কর্মী এবং ৪৩তম ব্যাচের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হকের ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে সেলিমের বন্ধুর সঙ্গে মাহমুদুল দুর্ব্যবহার করেন। এ সময় সেলিম প্রতিবাদ করলে তাঁর বুকে লাথি মারেন মাহমুদুল। সঙ্গে সঙ্গে আশপাশে থাকা মাহমুদুলের আট-নয়জন বন্ধু সেলিমকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তাঁরা একটি বাঁশ এনে সেলিমের বুকে ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে সেলিম অচেতন হয়ে পড়েন। পরে তাঁর বন্ধু ও অন্য শিক্ষার্থীরা তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এক দিন পর তিনি গতকাল সন্ধ্যায় হলে ফিরে আসেন।
সেলিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে মাহমুদুলের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
সহ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন বলেন, ‘সেলিমের ঘটনার বিষয়ে আমি কিছু শুনিনি। প্রক্টরকে খোঁজ নিতে বলব।’