প্রতিবাদ করায় অন্তঃসত্ত্বা ইউপি সদস্যসহ চারজনকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিদ্যুৎ-সংযোগ নিতে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদ করায় এক অন্তঃসত্ত্বা ইউপি সদস্য ও তাঁর তিন ভাইকে অপর এক ইউপি সদস্য মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই ইউপি সদস্য গত বৃহস্পতিবার নালিতাবাড়ী থানায় অভিযোগ দিয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ফেরদৌসী বেগম (৩৫) এবং তাঁর আপন ছোট ভাই শহিদুল ইসলাম (২৫), ফজরুল হক (২৭) ও চাচাতো ভাই ইব্রাহীম (২৬)।
এলাকাবাসী ও ওই নারী ইউপি সদস্যের পরিবার সূত্রে জানা গেছে, রামচন্দ্রকুড়া ইউনিয়নের কেরেঙ্গাপাড়া থেকে গেদালুপাড়া পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় বিদ্যুৎ-সংযোগ দেওয়া হচ্ছে। দ্রুত সংযোগ পাইয়ে দেওয়ার কথা বলে ওই ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবদুল জলিল, তাঁর ছোট ভাই দুলাল মিয়াসহ কয়েকজন পল্লী বিদ্যুতের ১১৪ জন গ্রাহকের কাছ থেকে ৬৫০ টাকার স্থলে পাঁচ হাজার টাকা করে তোলেন। বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম উদ্বোধনের জন্য গ্রাহকদের কাছে তাঁরা আরও এক হাজার টাকা দাবি করেন। গ্রাহকেরা মহিলা ইউপি সদস্য ফেরদৌসী বেগমকে বিষয়টি জানান। তিনি এ বিষয়ে গত বৃহস্পতিবার স্থানীয় সাংসদ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি গোলাম কিবরিয়ার কাছে লিখিত অভিযোগ দেন।
এতে ক্ষিপ্ত হয়ে আবদুল জলিল ও দুলাল মিয়া বৃহস্পতিবার রাত নয়টার দিকে কেরাঙ্গাপাড়া এলাকায় ফেরদৌসীর ছোট ভাই শহিদুল ইসলাম ও ফজরুল হককে মারধর করেন। এ সময় তাঁদের চিৎকারে ফেরদৌসী ঘটনাস্থলে গেলে তাঁরা তাঁকেও বেদম মারধর করেন। এ ঘটনায় আহত ফেরদৌসীকে গত শুক্রবার সকালে নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একই ঘটনায় গত শুক্রবার রাত ১১টার সময় ফেরদৌসীর চাচাতো ভাই ইব্রাহীমকে বাড়ি থেকে ডেকে নিয়ে দুলালের নেতৃত্বে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করা হয়। রাত একটার দিকে তাঁকেও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ফেরদৌসী বেগম অভিযোগ করেন, ‘লিখিত অভিযোগ দেওয়ায় ওরা আমাকেও মারধর করে পেটের বাচ্চা নষ্ট করে ফেলেছে। আইনগত ব্যবস্থা নিতে গতকাল রাতে থানায় অভিযোগ দিয়েছি।’
বিদ্যুৎ-সংযোগের জন্য অতিরিক্ত টাকা আদায় ও ইউপি সদস্যসহ তাঁর ভাইদের মারধর করার অভিযোগের বিষয়ে কথা বলার জন্য ইউপি সদস্য জলিলের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি তা ধরেননি। তবে তাঁর ছোট ভাই দুলাল মিয়া জানান, তিনি কথা-কাটাকাটির সময় উপস্থিত ছিলেন। তাঁরা কাউকে মারধর করেননি। বিদ্যুৎ-সংযোগের জন্য অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি তিনি অস্বীকার করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. মেহেদী হাসান বলেন, আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে বাচ্চা নষ্ট হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে মারধরের ঘটনায় এমনটি হয়েছে কি না, তা জানার জন্য ওই ইউপি সদস্যকে গতকাল শেরপুর সদর হাসপাতালের এক গাইনি বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়েছে।
এ বিষয়ে স্থানীয় সাংসদ মতিয়া চৌধুরীর প্রতিনিধি গোলাম কিবরিয়া বলেন, ‘অভিযোগটি পেয়েছি। ৬৫০ টাকার স্থলে কেন অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে জলিলের কাছে তার জবাব চাওয়া হয়েছে। অভিযোগ করায় মহিলা ইউপি সদস্য ও তার ভাইকে মারধর করা হয়েছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।’
নালিতাবাড়ী থানার ওসি মো. ফসিহুর রহমান বলেন, ‘এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’