কলেজপড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করেছিলেন বাবা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসীরা ওই ছাত্রীর বাবা ও চাচিকে কুপিয়ে জখম করেছে। মারধর করেছে ওই ছাত্রী ও তার ভাইকে। লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নে গত রোববার এ ঘটনা ঘটে।
ওই ছাত্রী লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে পড়ে। ছাত্রী বলে, কলেজে যাওয়ার পথে ফকিরটারী গ্রামের সাদ্দাম হোসেন (২৪), হামিদুল ইসলাম (২৫), রাজু মিয়া (২০), সাইফুল ইসলাম (২৮) তাকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি সে তার বাবাকে জানায়। তার বাবা ঘটনাটি জানতে পেরে গত শনিবার বিকেলে সাদ্দামের কাছে এ ঘটনার প্রতিবাদ করেন। সাদ্দাম তখন তার বাবাকে হুমকি দেন, পাঁচ দিনের মধ্যেই তাঁরা এর ফল পাবেন।
মেয়েটির পরিবারের সদস্যরা বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাদ্দাম হোসেন ও তাঁর সহযোগীরা দেশি অস্ত্র নিয়ে ছাত্রীর বাড়িতে হামলা চালান। তাঁরা ছাত্রীর চাচির বাঁ হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন। ছাত্রীর বাবা বাড়িতে এলে তাঁরা তাঁর মাথার বাঁ পাশে দা দিয়ে কোপ দেন। এ সময় ছাত্রীর চাচা বাড়িতে এসে এর প্রতিবাদ করেন। তখন হামলাকারীরা তাঁকেও মেরে আহত করেন। এরপর ওই যুবকেরা ছাত্রীর চাচার বাড়িতে ঢুকে আসবাব ভাঙচুর করেন। তাঁরা টাকা ও স্বর্ণালংকার লুট করেন। এ সময় ওই ছাত্রী ও তার ছোট ভাই আহত হন।
আহত ব্যক্তিরা লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গতকাল দুপুরে ওই ছাত্রী ও তার চাচি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। কিন্তু তাঁরা ভয়ে বাড়ি যাচ্ছেন না।
ছাত্রীর বাবা বলেন, ‘ওরা আমার মেয়েকে রাস্তায় আসা-যাওয়ার পথে বিরক্ত করত। আমাদের বাড়িতেও হামলা করল। আমরা গরিব মানুষ বলে কি বিচার পাব না?’
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, তিনি এ ঘটনার খবর পেয়েছেন। সদর হাসপাতালে তাঁদের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।