প্রতিবাদ করায় যুবককে পেটাল বখাটেরা বাড়িতে হামলা
আবাসিক এলাকায় বখাটে আড্ডার প্রতিবাদ করায় ফেনীতে এক যুবককে পিটিয়ে আহত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফেনী পৌরসভার রামপুর শাহীন একাডেমি এলাকায় এ ঘটনা ঘটে। বখাটেরা আহত যুবক শাহাদাত হোসেনের বাড়িতে ককটেল নিক্ষেপ ও ভাঙচুর করেছে।
খবর পেয়ে ফেনী সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই বখাটেরা পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, শহরের রামপুর শাহীন একাডেমি এলাকার হাজী কেরামত আলী সড়কের শেখ মঞ্জিলের সামনে কিছুদিন ধরে কয়েকজন বখাটে যুবক আড্ডা দিয়ে আসছিল। গতকাল দুপুরে ওই বাড়ির বাসিন্দা শাহাদাত বখাটেদের সেখানে আড্ডা না দিতে নিষেধ করেন। এ সময় বখাটেদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে বখাটেরা চলে যায়। কিছুক্ষণ পর ১৪-১৫ জন যুবক এসে ওই বাড়ির সামনে তিন-চারটি ককটেলের বিস্ফোরণ ঘটনায় ও ভাঙচুর করে।
নাম না প্রকাশের শর্তে স্থানীয় ব্যক্তিরা জানান, ককটেল বিস্ফোরণের পর শাহাদাত ঘর থেকে বের হলে বখাটেরা তাঁকে পিটিয়ে আহত করে। তাঁকে ফেনীর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান শাহীন জানান, গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় হামলার বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি।