প্রতিবাদ করায় হাঁটু ভেঙে দিলেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে চোর সন্দেহে এক যুবককে মারধরের প্রতিবাদ করায় ওই যুবকের চাচাকে পিটিয়ে তাঁর ডান পায়ের হাঁটু ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মজিবর মাতুব্বর (৫৫) নামে আহত ওই ব্যক্তি বরিশাল নগরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন।
একই সঙ্গে ওই যুবককে চোর সাব্যস্ত করে ২১ হাজার টাকা জরিমানা এবং যুবকের বাবার কাছ থেকে সাদা স্ট্যাম্পে সইও নিয়েছেন ওই ইউপি সদস্য।
ঘটনাটি ঘটেছে গত ১৭ ফেব্রুয়ারি আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নে। ইউপি সদস্যের চাপে এত দিন নির্যাতিত ওই পরিবারটি এসব বিষয় কাউকে জানায়নি।
স্থানীয় বেশ কয়েকজন জানান, উপজেলার চাওড়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে গত ১৬ ফেব্রুয়ারি রাতে দুটি বাড়ি ও একটি দোকানে চুরি হয়। এ ঘটনায় পরদিন সকালে স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জয়নুল আবেদীন একই গ্রামের ইব্রাহিম (২৫) নামে এক যুবককে চোর সন্দেহে তাঁর বাড়ি থেকে ধরে আনেন। এরপর ওই ইউপি সদস্যের শ্বশুরবাড়ির উঠানে এনে সালিস বৈঠক বসিয়ে তাঁকে ২১ হাজার টাকা জরিমানা ও বেধড়ক মারধর করেন। খবর পেয়ে ইব্রাহিমের চাচা মজিবর মাতুব্বর সেখানে গিয়ে এর প্রতিবাদ করলে জয়নুল আবেদীন ক্ষিপ্ত হন এবং মজিবরকে ধরে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটান। এতে তাঁর ডান হাঁটু ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় মজিবরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠান। বরিশাল নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক আনিস উল্লাহর তত্ত্বাবধানে গত সোমবার তাঁর পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। আনিস উল্লাহ গতকাল প্রথম আলোকে বলেন, মজিবরের হাঁটু ভেঙে গেছে।
ইব্রাহিমের বাবা জাহাঙ্গীর মাতুব্বর গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘১৬ ফেব্রুয়ারি রাতে চালিতাবুনিয়া গ্রামের দুটি বাড়ি ও একটি দোকানে চুরি হয়। পরদিন ভোরে স্থানীয় ইউপি সদস্য জয়নুল আবেদীন ২০-২৫ জন লোক নিয়ে আমার বাড়িতে আসে এবং আমাকে গালাগাল করতে থাকে। একপর্যায়ে তারা আমার ছেলে ইব্রাহিমকে চোর সন্দেহে মারধর করতে করতে ধরে নিয়ে যায়। আমরা পেছন পেছন যাই। পরে ইউপি সদস্যের শ্বশুরবাড়ির উঠানে নিয়ে সালিস বৈঠক বসিয়ে কোনো সাক্ষ্য-প্রমাণ ছাড়াই একতরফা ইব্রাহিমকে দোষী সাব্যস্ত করে ২১ হাজার টাকা জরিমানা ও বেধড়ক মারধর করা হয়। এ সময় আমার কাছ থেকে সাদা স্ট্যাম্পে সই নেন ইউপি সদস্য। এ ঘটনা শুনে আমার ভাই মজিবর সেখানে গিয়ে এর প্রতিবাদ করলে ইউপি সদস্য ক্ষিপ্ত হয়ে মজিবর মাতুব্বরকে পিটিয়ে ডান পায়ের হাঁটু ভেঙে দেয়।’
জাহাঙ্গীর মাতুব্বর বলেন, জরিমানা করা ২১ হাজার টাকা পরদিন জোর করে নিয়ে যান ইউপি সদস্য। কিন্তু এরপর সই করা সাদা স্ট্যাম্প ফেরত চাইলেও তা দেননি। এখন বলেন, তোর ভাই আগে সুস্থ হয়ে আসুক। এ নিয়ে যদি বাড়াবাড়ি কর তবে বাপ-ছেলে-ভাই সবার বিরুদ্ধে থানায় চুরির মামলা দেব।’
জাহাঙ্গীর মাতুব্বর আরও বলেন, ‘মাস দেড়েক আগে ইউপি সদস্যের ভাইয়ের ছেলে আমার ছেলে ইব্রাহীমকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। এ ঘটনা আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানকে জানানোর পর সালিস বৈঠকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’ তাঁর অভিযোগ, এর জের ধরেই ইউপি সদস্য আক্রোশে এ ঘটনা ঘটিয়েছেন।
জানতে চাইলে ইউপি সদস্য জয়নুল আবেদীন গতকাল প্রথম আলোকে বলেন, ‘তারা চাচা-ভাতিজা দুজনই দোষী সাব্যস্ত হয়েছে বলে মারধর করেছি।’ কিন্তু এলাকার লোকজন তো বলছেন মজিবর মাতুব্বর ঘটনার প্রতিবাদ করায় আপনি মেরেছেন? এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা আমাদের ব্যাপার। আপনি এ নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন? আর এত কথা মোবাইলে বলা যাবে না। বলেই তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।