গোপালগঞ্জে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হাতে ছুরিকাহত ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও স্ট্যাম্প ভেন্ডর কাজী মাহবুব হোসেন মারা গেছেন। হামলার নয় দিন পর গত রোববার রাতে খুলনা ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১৫ জুলাই রাতে গোপালগঞ্জ শহরের মধ্যপাড়ায় নিজের বাড়ির সামনে মাহবুব হোসেন তাঁর মেয়েকে উত্ত্যক্তকারী আকাশ (২৫) ও তাঁর সহযোগীদের হাতে ছুরিকাহত হন। ওই রাতেই গুরুতর জখম অবস্থায় তাঁকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে দুই দিন পর তাঁকে খুলনা ২৫০ শয্যার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।
মাহবুব হোসেনের স্বজনেরা বলেন, আকাশ শহরের মিয়াপাড়া বস্তির আকতার হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাহবুব হোসেনের স্কুলপড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করছিলেন। সম্প্রতি মাহবুব হোসেন এর প্রতিবাদ করলে তাঁর সঙ্গে আকাশের বাগ্বিতণ্ডা হয়। প্রায় এক বছর আগে আকাশের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ করা হয়েছিল। তখন পুলিশ আকাশকে আটক করে। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়
আকাশ ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক থাকায় এ ঘটনায় তাঁদের কারও বক্তব্য নেওয়া যায়নি।
গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, মাহবুব হোসেনের মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। উত্ত্যক্তকারী ও তাঁর সহযোগীরা পলাতক রয়েছেন। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর দাফনের ব্যবস্থা করা হবে।
এদিকে গোপালগঞ্জ দলিল লেখক সমিতি এ ঘটনার প্রতিবাদে তিন দিনের শোক ঘোষণা, কালো ব্যাজ ধারণ ও কলম বিরতি কর্মসূচি পালন করছে।