প্রতিবাদ চলছে, বাধা দেওয়ার অভিযোগ ছাত্র ইউনিয়নের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নববর্ষের অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার প্রতিবাদে গতকাল শনিবারও নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন। জেলায় জেলায় ঘোষিত কর্মসূচি পালন করতে পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি হাসান তারেক বলেন, ‘সারা দেশে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশের কর্মসূচি ঘোষিত হয়েছে, কিন্তু পুলিশ জেলাগুলোতে কর্মসূচি পালন করতে নিষেধ করছে। কিন্তু কেন? নিপীড়কদের বাঁচাতে পুলিশ এমন তৎপর কেন? তবে কি ধরে নেব নিপীড়কদের পেছনে কোনো বৃহৎ রাজনৈতিক শক্তি রয়েছে, যাদের প্রভাবে পুলিশও নিপীড়কের রক্ষকে পরিণত হয়েছে?’
পুলিশ না চাইলেও আজ রোববার সারা দেশে কর্মসূচি পালিত হওয়ার ঘোষণা দেন হাসান তারেক। প্রক্টরের অপসারণসহ ছয় দফা দাবিতে আজ সারা দেশে কর্মসূচি ছাড়াও কাল সোমবার বেলা ১১টায় অপরাজেয় বাংলা থেকে কার্জন হল পর্যন্ত মানববন্ধন করবে ছাত্র ইউনিয়ন। পরদিন তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেবে।
লিখিত বক্তব্যে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকা প্রক্টর দায়িত্ব পালনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। নিপীড়কদের আটক করে পুলিশে দেওয়ার পরও তাদের কেন ছেড়ে দেওয়া হলো, সে ব্যাখ্যা ছাত্রসমাজ ও দেশবাসী জানতে চায়। পুলিশ বলছে, সিসি ক্যামেরার ফুটেজে নাকি তেমন কিছু পাওয়া যায়নি, অথচ গণমাধ্যম পেয়েছে। তবে কী পুলিশ অপরাধীদের আড়াল করতে চায়? এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে ওই ঘটনার কিছু ছবি আটকে রাখার অভিযোগ করা হয়।
সকাল ১০টার দিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) ৩০-৪০ জন নেতা-কর্মী রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের কাছে সড়কে অবস্থান নেন। তাঁরা ডিএমপি কমিশনারের কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন। এতে বাধা দেয় পুলিশ। পরে সেখানেই ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে সিপিবি ও বাসদ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে সাত সদস্যের একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেন।
সিপিবির নারী সেল বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করে। মানববন্ধনে গবেষক ও লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘এই লজ্জা এ দেশের ১৬ কোটি মানুষের। শুধু এবারই নয়, এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। এ দেশের তরুণেরা রক্ত দিয়ে ভাষার অধিকার অর্জন করেছে, মুক্তিযুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেছে। তাদেরই উত্তরাধিকারী তরুণদের একটি অংশ আজ বিপথগামী হয়ে বাংলার মেয়েদের গায়ে হাত তুলেছে।’
বেলা তিনটার দিকে একই স্থানে ‘মূল্যবোধসম্পন্ন মানুষ চাই’ স্লোগান সামনে রেখে নটর ডেম কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
বিকেল সাড়ে চারটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে নারী সংহতি। তারা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীর নিরাপত্তায় ব্যর্থতার দায় স্বীকার করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরের পদত্যাগের দাবি জানায়। আয়োজক সংগঠনের সভাপতি শ্যামলী শীল, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সদস্য আমেনা রিনা, সংস্কৃতিকর্মী কাজী কৃষ্ণকলি ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
এ ছাড়া প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল ও পেশাজীবী সমন্বয় পরিষদ।
বিএনপির প্রতিবাদ: বিএনপি অভিযোগ করেছে, ‘নিপীড়কদের কোমরের জোর বেশি, তাই পুলিশ তাদের ছেড়ে দিয়েছে।’ বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় নারী শ্লীলতাহানির ঘটনায় গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্রের দায়িত্বপ্রাপ্ত আসাদুজ্জামান রিপন এ অভিযোগ করেন।
‘সরকার নামানোর কথা বলার মতো এত জোর উনার (খালেদা জিয়া) কোমরে আর হবে না’—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যের উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, ‘নববর্ষের দিন নারী শ্লীলতাহানির ঘটনায় জড়িতদের ধরিয়ে দেওয়া হলেও পুলিশ তাদের ছেড়ে দেয়। প্রশ্ন হচ্ছে, পুলিশ নিপীড়ককে কখন ছাড়ে? প্রধানমন্ত্রীর কথায় বলতে চাই, যখন তাদের কোমরের জোর বাড়ে তখন।’