শেরপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল কলেজের অধ্যক্ষ গোলাম হাসান খানকে হামলার ঘটনায় মামলা হয়েছে। এদিকে হামলার প্রতিবাদে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সভা হয়েছে।
গতকাল শনিবার অধ্যক্ষ গোলাম হাসান ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১২-১৩ জনকে আসামি করে মামলাটি করেন। হামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন জেলা শহরের কসবা বারাকপাড়ার শাহিন মিয়া (২০), ইদু মিয়া (১৮), আবু মিয়া (১৮), পাপ্পু (১৯) ও রাসেল মিয়া (১৮)।
এজাহারে গোলাম হাসান অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের চকবাজারের জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মোটরসাইকেলে করে কসবা মোল্লাপাড়া এলাকার বাসায় ফিরছিলেন। মীরগঞ্জ এলাকায় আসামিরা হত্যার উদ্দেশ্যে পথ রোধ করে মোটরসাইকেল থেকে তাঁকে টেনেহিঁচড়ে নামান। আসামিরা তাঁকে বাঁশের চলা ও লাঠি দিয়ে মারধর করেন। টাকাপয়সাও ছিনিয়ে নেন। স্থানীয় লোকজন উদ্ধার করে তাঁকে হাসপাতালে পাঠান।
এ হামলার ঘটনায় জড়িত দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের রঘুনাথ বাজার এলাকায় প্রতিবাদ সভা হয়। এতে জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমান সভাপতিত্ব করেন। তিনি বলেন, ‘আওয়ামী নামধারী কতিপয় সন্ত্রাসীগোষ্ঠীর মদদে সন্ত্রাসীরা গোলাম হাসানের মতো একজন নিরীহ কলেজশিক্ষকের ওপর হামলা চালিয়েছে। এরা শান্ত শেরপুরকে আবার অশান্ত করতে চায়। এরা অস্ত্র প্রদর্শন করে জনগণকে ভয় দেখাতে চায়। কিন্তু জনগণ এদের কোনোভাবেই প্রশ্রয় দেবে না বা মেনে নেবে না।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া পাঁচজনকে গতকাল শেরপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করেছে পুলিশ।
প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন দলের জাতীয় পরিষদের সদস্য মো. খোরশেদুজ্জামান, জেলা কমিটির সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, সহসভাপতি মো. ফখরুল মজিদ, কার্যনির্বাহী পরিষদের সদস্য মো. বদিউজ্জামান প্রমুখ।