প্রতিবাদমুখর চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধ ও হরতালের নামে দেশব্যাপী নৈরাজ্য ও পেট্রলবোমা হামলার ঘটনায় চট্টগ্রামে পৃথকভাবে প্রতিবাদী কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। এসব কর্মসূচিতে সাধারণ মানুষ, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। তাঁরা নৈরাজ্য বন্ধ করে শান্তির পথে আসার আহ্বান জানান।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সভা করেছে ছিন্নমূল সমন্বয় পরিষদ। এর আগে দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তরের সামনে মানববন্ধন করে রেলের কর্মকর্তা ও কর্মচারীরা। বেলা পৌনে একটায় সহিংসতার বিরুদ্ধে শান্তির পক্ষে ১৫ মিনিটের জন্য মানববন্ধন করে চট্টগ্রাম বন্দরের এক হাজারের বেশি কর্মকর্তা ও কর্মচারী। মানববন্ধনে বক্তব্য দেন বন্দর সিবিএর ভারপ্রাপ্ত সভাপতি আবুল মনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম। বক্তারা নাশকতাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
ছিন্নমূল সমন্বয় কমিটির সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিন বলেন, দেশে এখন কোনো আন্দোলন চলছে না, সন্ত্রাস চলছে। জঙ্গি কায়দায় পেট্রলবোমা ও ককটেল ফাটিয়ে মানুষ মারা হচ্ছে। দেশের সম্পদ নষ্ট করা হচ্ছে। তিনি দাবি করেন, জঙ্গি নেতার মতো আচরণ করছেন খালেদা জিয়া। তাঁর নির্দেশে সন্ত্রাস চালানো হচ্ছে। এসব সন্ত্রাস রুখে দিতে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসছে।
আ জ ম নাছিরউদ্দিন বলেন, এসএসসি পরীক্ষার্থীদের জিম্মি করে খালেদা জিয়া কর্মসূচি দিয়ে যাচ্ছেন। কিন্তু দেশের মানুষ ষড়যন্ত্র মোকাবিলা করতে মাঠে নেমেছে।
প্রেসক্লাব চত্বরের মানববন্ধন কর্মসূচিতে ছিন্নমূলের সদস্যরা তাঁদের দুঃখ-কষ্টের চিত্র তুলে ধরেন। তাঁরা বলেন, টানা অবরোধে আয়-রোজগার বন্ধ হতে চলেছে। রাস্তায় বের হলে বোমাবাজি ও পেট্রলবোমা হামলা হয়। সভায় আরও বক্তব্য দেন ছিন্নমূল সমন্বয় সমবায় সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি জি এম মোস্তফা কামাল।
গতকাল দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর-সিআরবি চত্বরে মানববন্ধন করেছে রেলের কর্মকর্তা ও কর্মচারীরা। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়। সেখানে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হক বক্তৃতা করেন। উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী আহমদ উল্লাহ মিয়া, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বেলাল উদ্দিন, প্রধান পরিচালন কর্মকর্তা মিয়া জাহানসহ কর্মকর্তা ও কর্মচারীরা।
মোজাম্মেল হক বলেন, ভর্তুকি দিয়ে রেল চালানো হচ্ছে। এটি জনগণের সম্পদ। নাশকতা চালিয়ে জনগণের সম্পদ নষ্ট করা হচ্ছে। নাশকতা ঠেকাতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের আরও সতর্ক থাকতে হবে।