প্রতিবাদী ছাত্রীর দুঃখগাথা
স্বজনদের হাতে বাবা-মায়ের লাঞ্ছনার প্রতিবাদ করেছিল এসএসসি পরীক্ষার্থী মাহমুদা আক্তার। আত্মীয়স্বজনেরা তাকেও ছাড়েনি। পিটিয়ে জখম করে। ১৫ মার্চ থেকে মাহমুদা লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল থেকে সে গত শুক্র ও শনিবার এসএসসি পরীক্ষা দিয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক নবিউর রহমান বলেন, ডান কাঁধ ও বাহুতে আঘাতজনিত প্রচণ্ড ব্যথা নিয়ে মাহমুদা ১৫ মার্চ হাসপাতালে ভর্তি হয়। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কাল শনিবারও তাকে হাসপাতাল থেকে পরীক্ষা দিতে হবে।
মাহমুদা আক্তার (১৬) লালমনিরহাট সদর উপজেলার হারাটি দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি (বিজ্ঞান) পরীক্ষা দিচ্ছে। জানা গেছে, তার বাবা-মাকে নানা অজুহাতে আত্মীয়স্বজনেরা গঞ্জনা দিলে এর প্রতিবাদ করে থাকে মাহমুদা। প্রতিবাদী হওয়ায় লেখাপড়ার পরিবর্তে মাহমুদাকে বাল্যবিবাহ দিয়ে বাড়ি থেকে তাড়ানোর জন্য তার বাবা-মাকে সব সময় চাপ দিয়ে আসছেন চাচারা। ১৫ মার্চ সকাল সাড়ে নয়টায় পারিবারিক ঝগড়ায় বড়দের সঙ্গে নাক গলানোর অজুহাতে বাবা-মায়ের সামনেই মাহমুদাকে বেধড়ক মারধর করেন তার চাচা ও চাচাতো ভাইয়েরা। এর আগেও ২০১২ সালে জেএসসি পরীক্ষার দেওয়ার সময় একইভাবে মাহমুদাকে মারধর করা হয়েছিল।
১৫ মার্চের ঘটনায় মাহমুদার বাবা মোস্তাফিজুর রহমান লালমনিরহাট সদর থানায় একটি মামলা করেন। এতে তিনি তাঁর বড় ভাই নুরুল ইসলাম (৫৯), ছোট ভাই নবিয়ার হোসেন (৪২), নুরুলের ছেলে শাহীন ইসলাম (২৪) ও সাজ্জাদ হোসেনকে (১৮) আসামি করেন। পুলিশ নুরুলকে গ্রেপ্তার করলেও পরে জামিন পান।
সাজ্জাদ হোসেন বলেন, ‘আমার বাবা, চাচা, জ্যাঠাদের কথার মাঝে ঢুকে মাহমুদা সুযোগ পেলেই বেয়াদবি করে। তাকে আমরা থামতে বললে সে কথা শোনে না। এ জন্য তাকে চর-থাপ্পড় দিয়েছি মাত্র।’
মাহমুদার বাবা মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের ওপর নানা অজুহাতে আমার ভাই ও তাঁদের ছেলেরা অত্যাচার, গালমন্দ করলে প্রতিবাদ করে থাকে মাহমুদা। আমার বড় ছেলে নাই, ও-ই (মাহমুদা) আমার বড় ছেলে।’ তিনি আরও বলেন, ‘ওরা আমাকে বলে মেয়েকে পড়িয়ে কী হবে, তোমার মেয়ে বাইসাইকেল চালায়, মোবাইল (মুঠোফোন) ব্যবহার করে, ক্রিকেট-হ্যান্ডবল খেলে, নাচ-গান করে, মেয়েদের এসব করা ভালো না, তার চেয়ে ওকে বিয়ে দাও। আমি ওদের কথা শুনি না। আমি মেয়েকে পড়াতে চাই, নিজের পায়ে দাঁড় করাতে চাই।’ মাহমুদার মা রওশন আরা বেগম বলেন, ‘আমার মেয়েকে নির্যাতনের বিচার চাই।’
মাহমুদা আক্তার বলে, ‘ওরা (আত্মীয়স্বজন) আমার বাবাকে বাড়িছাড়া করতে চায়। আর আমাকে বিপদ মনে করে। কারণ, আমি তাদের অন্যায় কাজের প্রতিবাদ করি। তাই ওরা আমার পড়াশোনার বিরোধিতা করে এবং আমাকে বাল্যবিবাহ দিতে চায়।’
হারাটি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন বলেন, মাহমুদা আক্তার শুধু পড়াশোনায় নয়, খেলাধুলাতেও পারদর্শী। বিজ্ঞান ও সংস্কৃতিচর্চায়ও বেশ মনোযোগী। তিনি বলেন, এসএসসি পরীক্ষার সময় তাকে মারধর করে আহত করার ঘটনা উদ্বেগজনক ও ঘৃণ্য অপরাধ।
হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সিরাজুল ইসলাম বলেন, মাহমুদা আক্তার ২০১৩ সালে আন্তস্কুল বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে দুটি প্রজেক্ট উপস্থাপন করে পুরস্কার পায়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কতর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।