অবৈধভাবে মাছ শিকারে বাধা দেওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জে চা-বাগানে হামলা চালিয়ে এক কর্মচারীকে মারধর করার প্রতিবাদে গতকাল শুক্রবার বাগানের প্রায় দেড় হাজার শ্রমিক-কর্মচারী পাঁচ ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী কুরমা চা-বাগানে এ ঘটনা ঘটেছে।
কুরমা চা-বাগান পঞ্চায়েত সভাপতি নারক পাশী ও সাধারণ সম্পাদক দিলীপ পাইনকা বলেন, গত বুধবার দুপুরে বাগান এলাকার বাসিন্দা আবদুল আহাদ, সফর আলী, জহুর মিয়া, জহির মিয়ার নেতৃত্বে একদল দুর্বৃত্ত বাগানের জলাধার থেকে অবৈধভাবে মাছ শিকার করতে আসে। বাগানের কর্মচারী রবীন্দ্র পাল এতে বাধা দিলে তারা তাঁকে গালিগালাজ করে চলে যায়।
বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে ওই চারজনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত বাগানের বাজারে অতর্কিতে হামলা চালিয়ে রবীন্দ্র পালকে মারধর করে। পরে সাধারণ চা-শ্রমিকেরা রবীন্দ্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় রবীন্দ্র পালের ভাই সুমন পাল বাদী হয়ে বৃহস্পতিবার রাতে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।
হামলাকারীদের আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে গতকাল সকাল সাতটা থেকে কুরমা ও বাঘাছড়া ফাঁড়ি চা-বাগানের ৩১ জন কর্মচারী কর্মবিরতি পালন শুরু করেন। এই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে কুরমা ও বাঘাছড়া ফাঁড়ি চা-বাগানের ১ হাজার ৪৫৬ জন চা-শ্রমিকও কর্মবিরতি পালন করেন। রবীন্দ্র পাল বলেন, হামলাকারীরা প্রভাবশালী এক ব্যক্তির ছত্রচ্ছায়ায় পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।
কর্মবিরতির খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে চা-বাগান কর্তৃপক্ষ ও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সালিসে বিষয়টির সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন। তাঁর আশ্বাসে আন্দোলনকারী কর্মচারী-শ্রমিকেরা দুপুর সোয়া ১২টায় কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেন।
কুরমা চা-বাগানের ব্যবস্থাপক শাহাদাৎ নূর ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হামলার ঘটনায় অভিযুক্ত আবদুল আহাদ দাবি করেন, তর্ক-বিতর্ক হয়েছে। কোনো হামলার ঘটনা ঘটেনি। উল্টো তিনি হামলার শিকার হয়েছেন। অভিযুক্ত অন্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।