নেত্রকোনার কেন্দুয়া বাজারে গতকাল রোববার অর্ধদিবস ধর্মঘট পালন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। ওই বাজারের এক বিকাশের এজেন্টকে গুলি করে তিন লাখ টাকা ছিনতাই করার ঘটনার প্রতিবাদে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
একই সঙ্গে ব্যবসায়ীরা হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ব্যক্তিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে গতকাল কেন্দুয়া শহরে বিক্ষোভ করেছেন ও প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন।
গত বৃহস্পতিবার রাতে পৌর শহরের সাউদপাড়া এলাকায় সন্ত্রাসীরা বিকাশ (মুঠোফোনে টাকা পাঠানোর মাধ্যম) এজেন্ট এনামুল হককে (৩৮) গুলি করে তিন লাখ টাকা নিয়ে যায়। তিনি সংকটাপন্ন অবস্থায় ঢাকার শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নেত্রকোনা বাজার কমিটির ডাকে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দুয়া বাজারের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। তা ছাড়া ব্যবসায়ীরা পৌর শহরে বিক্ষোভও করেছেন। পরে উপজেলা পরিষদ চত্বরে বাজার কমিটির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ থেকে বক্তারা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এবং তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিটি গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম জানান, স্মারকলিপিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সেই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে ব্যবসায়ীদের আশ্বস্ত করা হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বলেন, এই ঘটনায় গত শনিবার রাতে আহত এনামুল হকের বড় ভাই আবদুল কাদির গনি থানায় মামলা দায়ের করেছেন। মামলায় একজনের নামোল্লেখসহ অজ্ঞাত সাত-আটজনকে আসামি করা হয়েছে। তবে শিগগিরই ঘটনার রহস্য উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।