প্রতিবাদে কোম্পানীগঞ্জে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে পাথরবোঝাই ট্রাকে হামলা চালিয়ে ট্রাকচালককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
গত মঙ্গলবার মধ্যরাতে কোম্পানীগঞ্জের লামনি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ট্রাকচালক জালাল উদ্দিনকে (৩০) উদ্ধার করে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাতেই এ খবর জানাজানি হলে ক্ষুব্ধ ট্রাকচালকেরা এলোমেলোভাবে ট্রাক ফেলে সড়ক অবরোধ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত গতকাল বুধবার সন্ধ্যায়ও সড়ক অবরোধ অব্যাহত ছিল।
কয়েকজন ট্রাকচালক জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে জালালের ট্রাকটি যান্ত্রিক ত্রুটির কারণে লামনি এলাকায় আটকা পড়ে।
ত্রুটি সারানোর অপেক্ষায় জালাল ট্রাকের কাছে বসা ছিলেন। রাত একটার দিকে টুকেরবাজার এলাকা থেকে ত্রুটি সারাতে একটি দল সেখানে গিয়ে জালালকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। জালালের শরীরে ও মাথায় এলোপাতাড়ি কোপ ছিল।
একজন ট্রাকচালক জানান, কারা হামলা চালিয়েছে, এ ব্যাপারে জানতে চাইলে জালাল বিস্তারিত কিছু না বলে শুধু অস্ফুট স্বরে ‘ডাকাত, ডাকাত’ বলছিলেন।
এ ঘটনার খবর পেয়ে ওই সড়কে চলাচলকারী ট্রাকগুলো যাঁর যাঁর অবস্থানে রেখে ট্রাকচালকেরা রাত থেকেই সড়ক অবরোধ করেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত এভাবেই সড়ক অবরোধ চলছিল।
সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার প্রথম আলোকে বলেন, ‘ডাকাত হোক আর দুর্বৃত্ত হোক—আমরা পুলিশকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছি। অপরাধী গ্রেপ্তার হলে সড়ক অবরোধ প্রত্যাহার করা হবে।’
কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল আলম খান প্রথম আলোকে জানান, হামলাকারীদের ধরতে ওই এলাকায় রাত থেকে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে প্রকৃত হামলাকারীদের ধরার চেষ্টা চলছে।